২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কোচ হলেন ওয়াকার

দুই বছর মেয়াদে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক পেসার ওয়াকার ইউনুস। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একথা জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 10:03 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

ইন্তিখাব আলম, হারুন রশিদ ও মঈন খানের সমন্বয়ে গড়া তিন সদস্যের কমিটি কোচের পদের জন্যে জমা পড়া সব আবেদনপত্র যাচাই বাছাই শেষে ওয়াকার ইউনুসকে বেছে নেন। বোর্ডের চেয়ারম্যান নাজাম সেঠিরও ওয়াকারকেই পছন্দ।

প্রধান কোচের দায়িত্ব পেয়ে দারুণ খুশি ওয়াকার। নিজের লক্ষ্য সম্পর্কে জানাতে ৪২ বছর বয়সী ওয়াকার পিসিবিকে বলেন, "আসছে ব্যস্ত ক্রিকেট সূচী ও আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে দলকে প্রস্তুত করে তোলাটাই আমার প্রথম লক্ষ্য।"

আগামী জুনে নতুন দায়িত্বে যোগ দেবেন ৮৭টি টেস্ট ও ২৬২টি ওয়ানডে খেলা ওয়াকার ইউনুস। আর জুন-জুলাইয়ে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাবে পাকিস্তান।

২০১০ সালের ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের সেপ্টেম্বর মেয়াদে আগেও একবার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন ওয়াকার ইউনুস।

এবছরের শুরুতে সাবেক কোচ ডেভ হোয়াটমোর বিদায় নেওয়ার পর থেকে নতুন কোচের সন্ধানে নামে পিসিবি। তখন থেকেই আলোচনায় ছিলেন ওয়াকার। যদিও এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মঈন খানকে দায়িত্ব দেয় পিসিবি।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই পাকিস্তান ছিটকে পড়ায় মঈনের সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নেয় পিসিবি। পরে মঈনকে প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছে সংস্থাটি।