মাহমুদুল্লাহর হ্যাটট্রিক, শতক
দুই ইনিংসে পরপর চার বলে চার উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর এই দুই ইনিংসের ফাঁকে খেলেছেন অপরাজিত ১০৫ রানের অধিনায়কোচিত এক ইনিংস।
মাহমুদুল্লাহর অলরাউন্ড নৈপুন্য আর ইলিয়াস সানির দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে ওয়ালটন মধ্যাঞ্চল।
জয়ের জন্য শেষ দিন মধ্যাঞ্চলের প্রয়োজন ২৬৬ রান। হাতে রয়েছে ৯ উইকেট। ২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানেই ১ উইকেট হারিয়েছে দলটি।
সোমবার ৩ উইকেটে ১১৬ রান নিয়ে খেলা শুরু করে মধ্যাঞ্চল। ১৮ উইকেট পতনের দিনে অর্ধশতক পেরুতে পারেননি মাহমুদুল্লাহ ছাড়া আর কেউ। ২০১ বলে খেলা তার ১০৫ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করে শামসুর রহমান। ২৯ রান আসে নুরুল হাসানের ব্যাট থেকে। শেষ তিন ব্যাটসম্যান কোনো রানই করতে পারেননি।
৮৮ রানে ৬ উইকেট নিয়ে উত্তরাঞ্চলের সবচেয়ে সফল বোলার তাইজুল ইসলাম।
১৭৯ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে সানির মারাত্মক বোলিংয়ে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় উত্তরাঞ্চল।
প্রথম ইনিংসে ৪৫৭ রান করা উত্তরাঞ্চলের পাঁচ ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে ফিরেন শূন্য রানে। ১৬ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারানো দলটি নবম উইকেট হারায় ৩৬ রানে।
সেখান থেকে দলকে একশ রানের কাছাকাছি নিয়ে যান ফরহাদ রেজা (৪৯)।
সানি ৫ উইকেট নেন ৪৪ রানে।
প্রথম ইনিংসের শেষ দুই বলে তানভীর হায়দার ও শুভাশীষ রায়কে ফিরিয়েছিলেন মাহমুদুল্লাহ। দ্বিতীয় ইনিংসে ২০তম ওভারে বল করতে এসে প্রথম বলে তাইজুলকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন মাহমুদুল্লাহ। পরের বলে মুক্তার আলীকেও ফেরান তিনি।
তবে চমৎকার এই পারফম্যান্সকে ম্লান করে দিয়েছেন তিনি নিজেই। অশোভন আচরণ করায় তাকে দুই ম্যাচ নিষিদ্ধ ও ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।
জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে আচরণ বিধি ভঙ্গ করায় শেষ ম্যাচে খেলা হয়নি তার। সেবারও ম্যাচ ফি জরিমানা দিতে হয়েছিল তাকে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আবার নিষিদ্ধ হলেন তিনি।
