২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ভিলিয়ার্সের তাণ্ডবে ব্যাঙ্গালোরের জয়

এবি ডি ভিলিয়ার্সের আক্রমণাত্মক ব্যাটিংয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 12:30 AM

Updated : 13 Oct 2022, 12:04 PM

ছয় খেলায় এটি ব্যাঙ্গালোরের তৃতীয় জয়। সমান খেলায় হায়দরাবাদের চতুর্থ হার।

রোববার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান করে হায়দরাবাদ।

২৯ রানে অ্যারন ফিঞ্চ ও লুকেশ রাহুলের বিদায়ে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক শিখর ধাওয়ানের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান ডেভিড ওয়ার্নার।

১৩তম ওভারে দলীয় ৯১ রানে ধাওয়ানের (৩৭) বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে ওয়ার্নারকে। শেষ ওভারে ফেরার আগে ৬১ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। তার ৪৯ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা।

ব্যাঙ্গালোরের পক্ষে মিচেল স্টার্ক ও বরুণ অ্যারন দুটি করে উইকেট নেন।

জবাবে ১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর।

ক্রিস গেইলের ২৭ রানের আক্রমণাত্মক ইনিংসের পরও ৩৮ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে শুরুতেই অস্বস্তিতে পড়ে ব্যাঙ্গালোর।

রিলি রুশো (১৪) ও যুবররাজ সিং (১৪) কিছুটা সঙ্গ দিলেও ব্যাঙ্গালোরের জয়ের নায়ক ডি ভিলিয়ার্স (অপরাজিত ৮৯)। ৪১ বলে ৮টি ছক্বা ও ৬টি চার হাঁকিয়ে দলকে অসাধারণ এক জয় এনে দেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।

এ রান করার পথে ডেল স্টেইনের এক ওভারেই হাঁকান তিনটি ছক্বা।

হায়দরাবাদের পক্ষে কর্ণ শর্মা ৩ উইকেট নেন ১৭ রানে।