রাজস্থানের মধুর প্রতিশোধ
২০১২ সালে ১৫৩ রানের লক্ষ্য দিয়ে রাজস্থান রয়্যালসকে ১ রানে হারিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। এবার একই লক্ষ্য দিয়ে কাজ হয়নি। বরং সহজেই ৭ উইকেটে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে রাজস্থান।
৬ ম্যাচে এটি রাজস্থানের চতুর্থ জয়। সমান ম্যাচে দিল্লির চতুর্থ হার।
শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫২ রান করে দিল্লি।
৩৩ রানে মুরালি বিজয়কে (১৩) হারালেও দিল্লিকে ১ উইকেটে ৬৯ রানের ভালো সূচনা এনে দিয়েছিলেন কুইন্টন ডি কক (৩৩ বলে ৪২) ও অধিনায়ক কেভিন পিটারসেন (১৪)।
দশম ওভারে এই দুই ব্যাটসম্যানকে বিদায় করে দলকে খেলায় ফেরান প্রভিন তাম্বে। এ সময় দলের সংগ্রহ ছিল ৭১/৩।
কেদার যাদব ও জেপি ডুমিনির (৩৯) আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ৮১ রান যোগ করে দিল্লি। ২৮ রানে অপরাজিত থাকা যাদবের ১৪ বলের ইনিংসে ছিল দুটি করে ছক্কা ও চার।
রাজস্থানের পক্ষে তাম্বে ছাড়াও দুটি উইকেট নেন জেমস ফকনার।
জবাবে ৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।
২০ রানে অজিঙ্কা রাহানের বিদায়ের পর সঞ্জু স্যামসনের (৩৪) সঙ্গে ৫১ ও আইপিএলে প্রথমবারের মতো চার নম্বরে ব্যাট করতে নামা রজত ভাটিয়ার (১৭) সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে আসেন করুন নায়ার।
চতুর্থ উইকেটে অধিনায়ক শেন ওয়াটসনের (অপরাজিত ১৬) সঙ্গে অবিচ্ছিন্ন ৪১ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেয়া নায়ার অপরাজিত থাকেন ৭৩ রানে। তার ৫০ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা।
