ফিটনেস না থাকলেই জরিমানা
ফিটনেসের ব্যাপারে এবার ব্যাতিক্রমী এক নিয়ম করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একজন খেলোয়াড়ের যদি প্রয়োজনীয় ফিটনেস না থাকে, তাহলে দল থেকে তো সে বাদ পড়বেই; এমনকি জরিমানাও গুণতে হতে পারে তাকে।
আগামীতে বিভিন্ন সফর ও ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে ৬ মে থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক মাসব্যাপী অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে পিসিবি। ৩৬ জন খেলোয়াড় এই ক্যাম্পে ডাক পেয়েছেন।
মোহাম্মদ আকরামের নেতৃত্বে দেশটির জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচিং প্যানেল ক্যাম্পটি পরিচালনা করবেন।
গ্রীষ্মকালীন ক্যাম্পটি শুরুর আগে মঙ্গলবার অবাক করার মতো একটি নিয়মের কথা জানান নির্বাচক ও সাবেক পেসার মোহাম্মদ আকরাম। ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের ফিটনেস অর্জনের নির্দিষ্ট একটা মাত্রা ঠিক করে দেবে কর্তৃপক্ষ। আর তাতে ব্যর্থ হলে জরিমানা গুণতে হবে ওই খেলোয়াড়কে।
নতুন এই নিয়মের পক্ষে প্রধান নির্বাচক মঈন খান যুক্তিও দেখিয়েছেন। খেলোয়াড়দের যদি ফিটনেসই না থাকে এবং মানসিকভাবে দৃঢ় না হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। ফিটনেস ও মানসিক দৃঢ়তার অভাব বড় ম্যাচ জয়ের অন্তরায় বলেও উল্লেখ করেন তিনি।
