২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাককালাম জেতালেন চেন্নাইকে

আইপিএলে শিরোপা ধরে রাখার মিশনের শুরুটা মোটেও ভালো হয়নি শিরোপাধারী মুম্বাই ইন্ডিয়ান্সের। টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে কোনো ম্যাচ না জেতা মুম্বাই হেরেছে টানা তিন ম্যাচে। গত আসরের রানার্সআপ চেন্নাই সুপার কিংসের কাছে তাদের হার ৭ উইকেটে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 12:21 AM

Updated : 01 Sep 2026, 12:49 PM

হার দিয়ে শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করা চেন্নাই পরের তিন ম্যাচেই জিতে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে। সমান ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে প্রতিযোগিতার একমাত্র অপরাজিত দল কিংস ইলেভেন পাঞ্জাব।শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪১ রান করে মুম্বাই।আদিত্য তারের ১৯ বলে ২৩ রানের আক্রমণাত্মক ইনিংসের পরও ২৫ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের।তৃতীয় উইকেটে কোরি অ্যান্ডারসনের (৩১ বলে ৩৯) সঙ্গে অধিনায়ক রোহিত শর্মার ৮৪ রানের জুটিতে ২ উইকেটে ১০৯ রানের দৃঢ় অবস্থানে পৌঁছায় মুম্বাই।কিন্তু অ্যান্ডারসনের বিদায়ের পর শেষ ২৮ বলে ৩২ রানের বেশি যোগ করতে না পারায় সংগ্রহ খুব একটা বড় হয়নি মুম্বাইয়ের। ৪১ বলে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ রান ফিরেন রোহিত।মাত্র ১৪ রানে ৪ উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বোলার পেসার মোহিত শর্মা।জবাবে ১ ওভার বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।লক্ষ্য তাড়া করতে নেমে ডোয়াইন স্মিথের (২২ বলে ২৯) সঙ্গে ম্যাককালামের ৫৭ রানের উদ্বোধনী জুটি উড়ন্ত সূচনা এনে দেয় চেন্নাইকে। এরপর সুরেশ রায়না দ্রুত বিদায় নিলেও ফাফ দু প্লেসি (২০) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (অপরাজিত ১৪) নিয়ে বাকি কাজটুকু সারতে কোনো সমস্যা হয়নি ম্যাককালামের।৭১ রানে অপরাজিত থাকা ম্যাককালামের ৫৩ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্বা।মুম্বাইয়ের পক্ষে হরভজন সিং ২ উইকেট নেন ২৭ রানে।