২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রমণাত্মক খেলেই সাফল্য অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় শিরোপা জিতে দারুণ খুশি অস্ট্রেলিয়ার মেয়েরা। ভালো বোলিং আর রক্তে মিশে থাকা আক্রমণাত্মক মনোভাবই অস্ট্রেলিয়াকে টানা তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছে বলে মনে করেন অধিনায়ক মেগ ল্যানিং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 07:06 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ল্যানিং দলের বোলারদের প্রশংসা করেন।“দারুণ এক ব্যাপার এটা। এতো ভালো খেলতে পেরে খুব দারুণ লাগছে। বোলাররাই আমাদের কাজটা সহজ করে দিয়েছে।”ইংল্যান্ডের দেয়া ১০৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে গিয়েও শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। এটার ব্যাখ্যা দিতে গিয়ে ল্যানিং বলেন, “সম্ভবত আমরা আক্রমণাত্মক মনোভাবের। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়েও আমরা ইতিবাচক ছিলাম।”অস্ট্রেলিয়ার বোলারদের প্রশংসা করলেন পরাজিত দলের অধিনায়ক শার্লট এডওয়ার্ডস। ফাইনালে নিজেদের সেরা খেলাটা উপহার দিতে না পারার আক্ষেপও আছে তার।“ওরা খুব ভালো বল করেছে। এর পর ব্যাটিং ভালো করল। আসলে আমরা এদিন সেরাটা দিতে পারিনি। আর ১০৫ রান ফাইনালের জন্য যথেষ্ট স্কোর নয়।”টুর্নামেন্ট সেরার পুরস্কারটা অবশ্য গেছে হেরে যাওয়া ইংল্যান্ড দলের বোলার অ্যানিয়া শ্রাবশোলের অধিকারে। ম্যাচ শেষে তিনি অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন জানালেও হতাশা চেপে রাখতে পারেননি।“মেগ এবং তার দলকে অভিনন্দন। তবে আমরা শেষ পর্যন্ত সীমানা অতিক্রম করতে পারিনি বলে হতাশ লাগছে।”১৬ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার সেরা বোলার সারাহ কয়েটে। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। আনন্দের কথা ভাষায়ই প্রকাশ করতে পারছেন না অস্ট্রেলিয়ার এই মেয়ে।“এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব কিনা, আমি নিশ্চিত নই। অদ্ভুত এক অনুভূতি। দারুণ গর্বিত।”