আবেগ সরিয়ে রেখে লক্ষ্যে স্থির ধোনি
আর মাত্র একটা ম্যাচ জিতলেই দ্বিতীয়বারের মতো হাতে শোভা পাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের আগে ভাবাবেগ দূরে সরিয়ে রাখার কথাই বললেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শনিবার সংবাদ সম্মেলনে ধোনি বলেন, “মানুষ হিসেবে আমরা সবাই আবেগী। কিন্তু পেশাদার পর্যায়ে খেলতে গেলে আবেগ নিয়ন্ত্রণ করাটা জরুরি। কঠিন অনুশীলনের মাধ্যমে আবেগ বশে রাখার অভিজ্ঞতা হয়েছে আমাদের।”
টস জিতলে আগে ব্যাটিং না বোলিং। গত কিছু দিন ধরে লক্ষ্য তাড়া করেই বেশি ম্যাচ জিতেছে ভারত। এর জন্যই ভারত অধিনায়ক ধোনিকে প্রশ্নটি শুনতে হলো। রান তাড়া করার প্রতি আগ্রহটা একটু বেশি থাকার পরও ধোনি ভারতকে দুই দিক দিয়েই এগিয়ে রাখছেন।
“গত দুই-তিন বছরে আমরা লক্ষ্য তাড়া করা একটা দল হিসেবে ভালোভাবেই গড়ে উঠেছি। তবে দুই ভাবে ম্যাচ জয়েরই অভিজ্ঞতা আছে আমাদের। শিশির না থাকলে আগে ব্যাটিং বা বোলিং করায় খুব বেশি পার্থক্য হবে বলে মনে করি না আমি।”
ভারতের জয়-পরাজয়ে বিরাট কোহলি বড় ভূমিকা রাখবেন বলেই বিশ্বাস অনেকের। ৫ ইনিংসে ২৪২ রান করা কোহলি অসাধারণ ফর্মে রয়েছেন বলেই এটা হচ্ছে। ভারত অধিনায়ক ধোনি মনে করেন ফাইনালের আগে কোহলির ফর্ম ভারতের জন্য বড় একটি প্রেরণা।
“কোহলি গত কয়েক বছর ধরেই দারুণ খেলছে। সে এমন একজন খেলোয়াড়, যে কখনোই উইকেট বিলিয়ে দিয়ে আসে না। আর ক্রিকেটিং শট খেলেই সে খুব দ্রুত রান তুলতে পারে।”
সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে দলগুলোর মধ্যে কোনো পার্থক্য দেখছেন না ধোনি। “এই ফরম্যাটে মানসিকভাবে এগিয়ে থাকার বিষয়টি আসলে কোনো বিষয় নয়। কারণ এখানে বড় দলগুলোর পার্থক্য খুবই কম। নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে এবং ব্যক্তিগত পারফরম্যান্স যে দলের ভালো হবে, তারাই এগিয়ে যাবে।”
সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টি ভারতকে অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করেন ধোনি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জেতা ম্যাচ। এটা ফাইনালে ভারতকে বিশেষভাবে অনুপ্রানিত করবে বলে বিশ্বাস ধোনির।
