দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করছে বিসিবি
স্বল্প মেয়াদী পরিকল্পনায় অনেক দিন চলেছে বাংলাদেশের ক্রিকেট। এবার অন্তত চার বছরের একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “আমরা দীর্ঘ মেয়াদী কোনো পরিকল্পনা নিচ্ছি না। ‘ফায়ার ফাইটিং মুডে’ চলছি। পরের মিটিংয়ে অন্তত চার বছরের মেয়াদী একটি পরিকল্পনা নিতে চাই।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মাঝপথে বিরতি পড়েছে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। ১২ তারিখ থেকে এনসিএলের খেলা শুরু হতে পারে বলে জানান বিসিবি সভাপতি।
গতবার অনেক নাটকীয়তার পর মাঠে গড়িয়েছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। লিগ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “সিসিডিএম মিটিং করে কখন কিভাবে তা করবে, আমাদের তার প্রস্তাবনা দেবে। তারা ক্লাবগুলোর সঙ্গে বসবে। বৃষ্টির কথা মাথায় রাখতে হবে। ফ্যাসিলিটিজ অনেক বেশি বলে খুব বেশি সমস্যা হওয়ার কোনো কারণ নেই।”
বিসিবির বৈঠকে ঘরোয়া লিগ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে নাজমুল বলেন, “জাতীয় লিগ এবং অন্যান্য খেলা কখন, কিভাবে শুরু করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি। বিশ্বকাপে অনেক মাঠ প্রয়োজন হয়েছে, তাই এই সময়ে কোনো খেলা সম্ভব হয়নি।”
বিসিবি সভাপতির বিশ্বাস, পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা ভালো। ক্রিকেটারদের সমর্থকদের ভালোবাসাকে চাপ হিসেবে না দেখার আহ্বান তার।
“দেশের জার্সি পরে নামার পর ফ্যাসিলিটিজ কিন্তু পারফরম্যান্সের নির্ণায়ক হয় না। সেরা ক্রিকেট খেলার তাড়না আপনার ভেতর থেকে আসতে হবে, এটাই দেশপ্রেম। বোর্ড কি বললো, মিডিয়া কি লিখল, দর্শকরা কি করল এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়।”
ক্রিকেটারদের উদ্দেশ্যে বিসিবি সভাপতি বলেন, “নিশ্চিত হার জেনেও দর্শকরা শেষ বল পর্যন্ত মাঠে থাকছে। টানা হারার পরও সমর্থন উঠিয়ে নেয়নি। হেরে যাচ্ছি নিশ্চিত, তারপরও একটা উইকেট পরলে বা চার মারলে দর্শকরা ‘সাপোর্ট’ করছে। এর চেয়ে বেশি আপনারা কি আশা করেন? ভালোবাসা কারো কাছে চাপ মনে হওয়া দুর্ভাগ্যজনক।”
