২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি ভাঙায় সাকিবের ব্যাখ্যা চেয়েছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় আচরণবিধি ভেঙে গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ায় সাকিব আল হাসানের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব জবাব দেয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেবে বোর্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 06:17 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “তাৎক্ষণিকভাবে একটা চিঠি দিতে বলেছি। ব্যাখ্যা চেয়েছি। টুর্নামেন্ট চলাকালে আমাদের নিয়ম অনুযায়ী টিম ম্যানেজারের অনুমতি ছাড়া কারোর ব্যক্তিগত সাক্ষাৎকার দেয়ার কথা না।”

“সে কার অনুমতি নিয়ে দিল, কেন দিল? আমাদের জানা মতে, এটা বিসিবির আচরণবিধির লঙ্ঘন,” যোগ করেন তিনি।

দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকার কিছু বক্তব্যেরও ব্যাখ্যা চেয়েছেন বিসিবি সভাপতি।

“কিছু কিছু কথা আছে, যেগুলোর ব্যাখ্যা চেয়ে আমরা চিঠি দিয়েছি। সেই চিঠির উত্তরের শেষ দিন আজকে। আমাদের অপেক্ষা করতে হবে তার জবাবের জন্য। এরপর প্রক্রিয়া অনুযায়ী ব্যাপারটা চলবে। তারপর আমরা পরবর্তী ব্যবস্থা নেব।”

সাকিব আচরণবিধি ভেঙেছেন বলে মনে করলেও এখনি তার শাস্তি নিয়ে কোনো আলোচনা চান না নাজমুল হাসান।

“শাস্তি কি এই মুহূর্তে বলা যাবে না। আমার মনে হয় না, তার উত্তর পাওয়ার আগে এই বিষয়ে কোনো আলোচনা করা ঠিক হবে।”

শুধু সাকিবের ব্যাখ্যা নয়, দলের ব্যবস্থাপক আকরাম খানের কাছ থেকেও এ ব্যাপারে মতামত চেয়েছেন বিসিবি সভাপতি।

“আমি জানতে চাই, ওরা কি মনে করে। এটা সঠিক না ভুল, ওদের কি ধারণা। আর ভুল হয়ে থাকলে কি করা উচিৎ। টিম ম্যানেজার একজন পরিচালকও, আমি তার মতামতও জানতে চেয়েছি।”

আগামী এক সপ্তাহের মধ্যে একটি সমাধান আশা করছেন বিসিবি সভাপতি।

“সাকিবের উত্তর পাওয়ার পর আশা করি ডিসিপ্লিনারি কমিটি চার-পাঁচ দিনের মধ্যে তাদের সুপারিশ তৈরি করে ফেলবে। আমি আসার পর (আইসিসির সভায় যোগ দিয়ে) এক-দুই দিনের মধ্যে বোর্ড মিটিং ডেকে তখন সিদ্ধান্ত নেব। আশা করি, এক সপ্তাহের মধ্যেই ব্যাপারটি শেষ হয়ে যাবে।”