স্যামির মুখে হাসি, চোখে হতাশা
আচমকা ঝড় উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ফাইনালে খেলার স্বপ্ন। তবুও হাসি মুখেই সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক ড্যারেন স্যামি। মুখের হাসি লুকাতে পারলো না চোখের কোনে জমে থাকা হতাশা।
বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত প্রথম সেমি-ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারার পর সংবাদ সম্মেলনে স্যামি বলেন, “এভাবে বিদায় হতাশাজনক। সেমি-ফাইনালে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতি হেরে বিদায় নেয়া ভীষণ হতাশার।”মাত্র ২৫ মিনিটের শিলা-বৃষ্টি আর তুমুল ঝড়ে সমাপ্তি ওয়েস্ট ইন্ডিজের শিরোপা ধরে রাখার স্বপ্নের। এমন বৃষ্টি এর আগে কখনো দেখেননি স্যামি। কিভাবে ব্যাখ্যা করবেন তার ভাষাও জানা নেই।শ্রীলঙ্কার দুই কিংবদন্তী মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার শেষ ম্যাচ হয়ে যেতে পারতো বৃহস্পতিবারের ম্যাচটি। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৭ রানের জয়ে তা হয়নি। স্যামির বিশ্বাস, স্বয়ং ঈশ্বর তাদের পাশে দাঁড়িয়েছেন।“সৃষ্টিকর্তা ওদের সহায়। ওরা দেশকে অনেক কিছু দিয়েছে। তিনি হয়তো চেয়েছেন ওদের বিদায়টা আরো ভালো হোক।”টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬০ রানের লক্ষ্য দাঁড় করায় শ্রীলঙ্কা। মজা করেই স্যামি বললেন, “ওরা হয়তো জানতো পরে এমন কিছু হবে। তাই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।”প্রথম ৪ ওভারে ৪১ রান নিয়ে উড়ন্ত সূচনা হয় শ্রীলঙ্কা ইনিংসের। শেষ ৭.৩ ওভারেও ৬৯ রান সংগ্রহ করে তারা। তবুও বোলারদের দুষছেন না স্যামি।“আমাদের মূল শক্তি হল রামদিন ছাড়া আর সবাই বল করতে পারে। আজ সানতোকি আর রাসেলের বাজে একটা দিন গেছে। আমাদের লক্ষ্য থাকে আগে বল করলে প্রতিপক্ষকে দেড়শ’ রানের মধ্যে থামানো। আমরা কাছাকাছি রানেই ওদের রেখেছিলাম।সচিত্রা সেনানায়েকে আর লাসিথ মালিঙ্গার ভালো বোলিংয়ে পরিকল্পনা মতো তাদের ইনিংস এগোয়নি জানিয়ে স্যামি বলেন, “গেইল, স্মিথ জানে ওদের কিভাবে খেলতে হবে। অন্য দিনের মতোই ব্রাভো শুরু করেছিল, কিন্তু আউট হয়ে গেল।”
