তাসকিনের প্রশংসায় ফিঞ্চ
অভিষেক ম্যাচে প্রতিপক্ষের সমীহ আদায় করতে পেরেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ম্যাচ সেরা অ্যারন ফিঞ্চ প্রশংসা করেছেন ১৮ বছর বয়সী এই পেসারের।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ বলেন, “টানা কয়েক ওভার স্পিনের বিপক্ষে খেলে ওকে সামলানো কঠিন ছিল। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করছিল। প্রথম দুই ওভারে ওর বোলিং ছিল নিখুঁত। প্রত্যাশার চেয়ে ওর গতি বেশি ছিল।”দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজার চোটে দলে আসেন তাসকিন। মঙ্গলবারই অভিষেক হয় এই পেসারের। প্রথম ম্যাচে ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি।টুর্নামেন্ট জিততে এসেছিল অস্ট্রেলিয়া; তাই টানা তিন ম্যাচ হারার পর বাংলাদেশের বিপক্ষে জয়ে কোনো সান্ত্বনা খুঁজছেন না ফিঞ্চ।“খুবই হতাশাজনক টুর্নামেন্ট আমাদের জন্য। সেমি-ফাইনালে পৌঁছাতে না পেরে আমরা ভীষণ হতাশ। ছন্দ খুব গুরুত্বপূর্ণ ছিল আর ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আমরা সেটি হারিয়ে ফেলেছিলাম।”পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার মতো অবস্থানে থেকেই হেরেছিল অস্ট্রেলিয়া। এই দুটি হারেই বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় কখনো টি-টোয়েন্টির শিরোপা না জেতা দেশটির।“আমরা শিরোপা জিততে এসেছিলাম। শিরোপা ছাড়া আর যে কোনো ফলাফল আমাদের জন্য হতাশার।”টুর্নামেন্টে কিছু প্রাপ্তিও দেখছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।“গ্লেন ম্যাক্সওয়েল ভালো করেছেন। টুর্নামেন্টে সবচেয়ে ভালো বোলিং আক্রমণ পাকিস্তানের বিপক্ষে আমরা ভালো করেছিলাম।”
