২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডকে হারালো দ. আফ্রিকার মেয়েরা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ৮৬ রানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 07:06 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

তিন ম্যাচের দুটি জিতে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রোটিয়ারা। সমান ম্যাচে সমান দুটি জিতলেও নেট রান রেটে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।

আর তিন ম্যাচই জিতে এই গ্রুপ নিউ জিল্যান্ডের শেষ চারে ওঠা প্রায় নিশ্চিত।

শনিবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৫ রান করে দক্ষিণ আফ্রিকা। এদিন ব্যাট করতে নামা প্রথম ছয়জনই রান পেয়েছেন। ৪০ বলে ৫টি চার ও ১টি ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করেন লিজলে লি। এছাড়া ক্লোয়ি ট্রাইওন অপরাজিত ৩৫ ও সুনি লুস ২৯ রান করেন।

জবাবে ১৫.১ ওভারে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ম্যারি ওয়ালড্রন ৩৩, অধিনায়ক ইসোবেল জয়েস ১৫ ও মেলিসা স্কট ১৪ রান করেন। এই তিন জন ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

৩টি করে উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পেসার শাবনিম ইসমাইল ও লেগস্পিনার ডেন ভ্যান নিয়েকার্ক।