২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ভাবনায় মুশফিক

টপ অর্ডারের ব্যাটিং নিয়ে দুর্ভাবনায় পড়েছেন মুশফিকুর রহিম। কোনো বিকল্পই কাজ না করায় সাকিব আল হাসানকে নিয়ে আরো উপরে ব্যাট করার কথা ভাবছেন বাংলাদেশের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 11:46 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ তিন খেলায় বাংলাদেশ ৫১, ১৬ ও ২১ রানে প্রথম তিন উইকেট হারিয়েছে। উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক রান পাচ্ছেন। কিন্তু এখনো ছন্দ খুঁজে পাননি তামিম ইকবাল।

তিন নম্বরে ব্যর্থতায় জায়গা হারিয়েছেন সাব্বির রহমান ও মুমিনুল হক। তবে শেষ দুই ম্যাচে ০ ও ১ রান করে বোল্ড হওয়া সাকিবের ওপর আস্থা রাখছেন অধিনায়ক।শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের কাছে ৮ উইকেটে হারার পর শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “প্রথম চার ব্যাটসম্যানকেই খেলা তৈরি করে দিতে হবে। আমাদের ধোনি বা স্যামির মতো কোনো হার্ডহিটার নেই, যারা এসেই চার-ছক্কা মারবে। প্রথম চার ব্যাটসম্যানকে সেট হয়ে এই কাজটা করতে হবে।”“আমাদের মিডল অর্ডারও রানে নেই। আরো দুটি ম্যাচ আছে। যেখানে সাকিব ও আমার আরো উপরে ব্যাট করার সম্ভাবনা নিয়ে আমরা ভাবছি।”রোববার পাকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ।ভারতের বিপক্ষে ৮ উইকেটে হারের পর ব্যাটসম্যানদেরই দুষলেন অধিনায়ক।

“শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়েছিলাম। পাওয়ার প্লেতেও বেশি রান হয়নি। তবে সেট হয়ে যাওয়া ব্যাটসম্যানদের আরো বড় স্কোর করা দরকার ছিল। যা রোহিত ও বিরাট করে দেখিয়েছেন। আমরা ২০ রান কম করেছি, নয়তো খেলার চিত্রটা ভিন্ন হতে পারতো।”২০০৭ সালে প্রথম আসরেই শিরোপা জিতেছিল ভারত। তারপর এই প্রথম সেমি-ফাইনালে উঠল দলটি। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অধিনায়ক ধোনি। প্রথম দুই ম্যাচে ৭ উইকেটে জেতার পর এবার ৮ উইকেটের জয়। অনেক ব্যাটসম্যানেরই ব্যাটিং অনুশীলন হয়নি। এটাই তার একমাত্র দুর্ভাবনা।“আমাদের অনেক ব্যাটসম্যানই খুব একটা ব্যাটিংয়ের সুযোগ পাননি। রায়না, যুবরাজ কিছুটা পেয়েছেন। অশ্বিন, জাদেজা একদমই পাননি। উপরের ব্যাটসম্যানরা ক্রিজে বেশি সময় কাটানোর সুযোগ পেয়েছেন, তাই পরের ম্যাচগুলোতে তাদের আরো বেশি দায়িত্ব নিয়ে খেলবে হবে।”