সেমি-ফাইনালে ক্যারিবীয় মেয়েরা
প্রথম দল হিসেবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার শ্রীলঙ্কাকে ৮ উইকেট হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি। তিন ম্যাচের তিনটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ক্যারিবীয়রা। ফলে তাদের চতুর্থ ম্যাচে ফল যাই হোক না কেন, গ্রুপের সেরা দুই স্থানে তাদের অবস্থান নিশ্চিত।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে মাত্র ৮৪ রানে অলআউট হয়ে যায় লঙ্কার মেয়েরা। ইয়াসোদা মেন্ডিস ২১ ও ইশানি লকুসুরিয়াগে ২০ রান করেন।
শ্রীলঙ্কাকে অল্প রানে গুড়িয়ে দিতে ১৫ রানে ৪ উইকেট নেন ম্যাচ সেরা পেসার শ্যানেল ড্যালে।
জবাবে স্টেফানি টেইলরের নৈপূণ্যে ১৫ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৫ বলে ৭টি চারের সাহায্যে ৫৬ রান করে অপরাজিত ছিলেন টেইলর।
