২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বলের রোমাঞ্চে দ. আফ্রিকার জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালে ওঠার আশা বেঁচে থাকল দক্ষিণ আফ্রিকার। নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বল পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ে নিউ জিল্যান্ডকে ২ রানে হারিয়েছে প্রোটিয়ারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 05:26 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

ইনিংসের শেষ বলে রস টেলরকে রান আউট করে জয় নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ইনিংসের শেষ বলে রস টেলরকে রান আউট করে জয় নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাটকীয় জয় নিশ্চিত হওয়ার পর স্টেইনকে ঘিরে সতীর্থদের বাঁধভাঙা উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নাটকীয় জয় নিশ্চিত হওয়ার পর স্টেইনকে ঘিরে সতীর্থদের বাঁধভাঙা উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেষ ওভারের পঞ্চম বলে নাথান ম্যাককালামকে আউট করে লড়াই জমিয়ে তোলেন স্টেইন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শেষ ওভারের পঞ্চম বলে নাথান ম্যাককালামকে আউট করে লড়াই জমিয়ে তোলেন স্টেইন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্যে খেলতে নামা নিউ জিল্যান্ডকে জিততে হলে শেষ ওভারে করতে হতো ৭ রান। হাতে ছিল ৫ উইকেট।

ডেল স্টেইনের করা প্রথম বলেই আউট হয়ে ফেরেন রনকি। পরের বল দুটিতে রান দেননি স্টেইন। চতুর্থ বলে নাথান ম্যাককালামের চারে জয়ের হিসেবটা দাঁড়ায়, ২ বলে ৩ রানের। পঞ্চম বলে আউট হয়ে ফেরেন নাথান। তবে প্রান্ত বদলে স্ট্রাইকে চলে আসেন রস টেলর। নিউ জিল্যান্ডের তখন জয়ের জন্য ১ বলে প্রয়োজন ৩ রান। কিন্তু শেষ বলে রানআউট হয়ে যান টেলর। নিউ জিল্যান্ডের ইনিংস থামে ৮ উইকেটে ১৬৮ রানে।

নিউ জিল্যান্ড জয়ের এত কাছে যেতে পেরেছিল টেলরের কল্যাণেই। ৪টি চার ও ৩টি ছয়ে ৩৭ বলে ৬২ রান করেন তিনি। আর নিউ জিল্যান্ডকে ভালো শুরু এনে দিয়েছিল উদ্বোধনী ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের ৩৫ বলে ৫১ রানের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার জয়ের অন্যতম নায়ক ডেল স্টেইন ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন। এর মধ্যে ২টি উইকেটই আবার নিয়েছেন শেষ ওভারে।

সোমবার চট্টগ্রামের চৌধুরী জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

লড়াই করার মতো ইনিংস দাঁড়ায় জেপি ডুমিনি ও হাশিম আমলার সৌজন্যে।

উদ্বোধনী ব্যাটসম্যান আমলা ৪১ রান করে আউট হলেও ৮৬ রানে অপরাজিত ছিলেন ডুমিনি। ৪৩ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১০টি চার ও ৩টি বিশাল ছয়ে।

এ ছাড়া দু’অঙ্ক ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার আর মাত্র দুজন ব্যাটসম্যান। অধিনায়ক ফাফ দু প্লেসি ও মরনে মরকেল, দুজনেরই রান ১৩।

নিউ জিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন দুই পেসার কোরি অ্যান্ডারসন ও টিম সাউদি।

সুপার টেনের গ্রপ-১ -এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। আর ইংল্যান্ডের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৯ রানে জিতেছিল নিউ জিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭০/৬ (ডি কক ৪, আমলা ৪১, দু প্লেসি ১৩, ডি ভিলিয়ার্স ৫, ডুমিনি ৮৬*, মিলার ৬, মরকেল ১৩, স্টেইন ১*; অ্যান্ডারসন ২/২৮, সাউদি ২/৪৬, নাথান ম্যাককালাম ১/২৪, মিলস ১/২৯)

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৬৮/৮ (গাপটিল ২২, উইলিয়ামসন ৫১, ব্রেন্ডন ম্যাককালাম ৪, টেলর ৬২, মুনরো ৭, অ্যান্ডারসন ৭, রনকি ৫, নাথান ম্যাককালাম ৪, সাউদি ০* ; স্টেইন ৪/১৭, তাহির ২/২৭, মরকেল ১/১৩)

ম্যাচ সেরা: জেপি ডুমিনি।