ইংল্যান্ড অধিনায়কের শাস্তি
নিউ জিল্যান্ডের কাছে হারার পর আম্পায়ারদের সমালোচনা করেছিলেন স্টুয়ার্ট ব্রড। তার শাস্তিও পেয়ে গেছেন ইংল্যান্ডের অধিনায়ক।
রোববার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলোয়াড়দের জন্য আচরণবিধি ভাঙার জন্য ব্রডকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ব্রড দোষ স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেয়া শাস্তি মেনেও নিয়েছেন।
শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৭২ রান করেছিল ইংল্যান্ড। জবাবে ৫.২ ওভারে নিউ জিল্যান্ড ১ উইকেটে ৫২ রান করার পর বৃষ্টি নামে। পরে খেলা আর শুরু না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউ জিল্যান্ডকে ৯ রানে জয়ী ঘোষণা করে আম্পায়ারা।
তবে ব্রডের ক্ষোভ, আম্পায়াররা আগেই কেন খেলা বন্ধ করলেন না; বৃষ্টি নামার আগে পঞ্চম ওভারেই তো বিজলি চমকাচ্ছিল। তখন খেলা বন্ধ হলে হারতে হতো না ইংল্যান্ডকে। কারণ টি-টোয়েন্টি নিয়ম অনুযায়ী ম্যাচের ফল নির্ধারণের জন্য ইনিংস ন্যূনতম ৫ ওভারের হতে হয়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হতাশা আর ঢেকে রাখতে পারেননি ব্রড। বজ্রপাত ও বিজলি চমকানো শুরুর পর খেলা বন্ধ করায় আম্পায়ারদের সমালোচনা করেন তিনি। তার মতে, ঐসময় খেলাটা ছিল ঝুঁকিপূর্ণ।
