২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউ জিল্যান্ডের জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাগড়া দিয়েছে বৃষ্টি। তবে তার আগেই ম্যাচের ফলের জন্য প্রয়োজনীয় ওভার খেলা হয়ে যাওয়ায় জয় পেয়েছে নিউ জিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার টেন’-এ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৯ রানে হারিয়েছে কিউইরা ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 09:42 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭২ রান করে ইংল্যান্ড।

এই স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ ছিল শ্রীলঙ্কার। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে ১৬৮ রান করেছিল তারা।

জবাবে বৃষ্টির কারেণে নিউ জিল্যান্ড ইনিংসে ৫.২ ওভারের বেশি খেলা হতে পারেনি। মার্টিন গাপটিলের উইকেট হারিয়ে তখন নিউ জিল্যান্ডের স্কোর ছিল ৫২/১।

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে এ সময় জয়ের জন্য নিউ জিল্যান্ডের প্রয়োজন ছিল ৪৪ রান। তাই নিউ জিল্যান্ডের জয় ৯ রানে।

নিউ জিল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন কেন উলিয়ামসন (অপরাজিত ২৪) ও ব্রেন্ডন ম্যাককালামের (অপরাজিত ১৬)।

এর আগে প্রথম ওভারেই আলেক্স হেলসকে হারিয়ে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। তবে দ্বিতীয় উইকেটে মঈন আলী (৩৬) ও মাইকেল লাম্বের (৩৩) ৪৪ বল স্থায়ী ৭২ রানের আক্রমণাত্মক জুটি দলকে অষ্টম ওভারে ১ উইকেটে ৭৩ রানের দৃঢ় অবস্থানে পৌঁছে দেয়।

এরপর মাত্র ৩ রানের ব্যবধানে মঈন ও লাম্ব বিদায় নিলেও জস বাটলার (৩২), রবি বোপারা (অপরাজিত ২৪) ও টিম ব্রেসনান (অপরাজিত ১৭) দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন।

নিউ জিল্যান্ডের পক্ষে ম্যাচ সেরা কোরি অ্যান্ডারসন ৩২ রানে ২ উইকেট নেন।সংক্ষিপ্ত স্কোর:ইংল্যান্ড: ২০ ওভারে ১৭২/৬ (লাম্ব ৩৩, হেলস ০, মঈন ৩৬, মর্গান ১২, বাটলার ৩২, বোপারা ২৪*, জর্ডান ৮, ব্রেসনান ১৭*; অ্যান্ডারসন ২/৩২, ম্যাকক্লেনাগান ১/২২, নাথান ১/৩২, মিলস ১/৩৬, সাউদি ১/৪৬)নিউ জিল্যান্ড: ৫.২ ওভারে ৫২/১ (গাপটিল ১১, উইলিয়ামসন ২৪*, ব্রেন্ডন ১৬*; ডার্নবাখ ১/১৩)ম্যাচ সেরা: কোরি অ্যান্ডারসন।