স্পিনারদেরই নির্ণায়ক মানছেন রায়না
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার আগে তাই এদিক থেকে এগিয়ে আছে ভারত।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। শনিবার অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে রায়না বলেন, “এই টুর্নামেন্টে স্পিনাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারাই ম্যাচের নির্ণায়ক হয়ে উঠতে পারেন।”
পাকিস্তানের বিপক্ষে দারুণ বল করা স্পিনারদের প্রশংসা করলেন রায়না।
“পাকিস্তানের বিপক্ষে স্পিনাররা খুব ভালো বল করেছেন। বিশেষ করে মিশ্র ছিলেন অসাধারণ। ওয়েস্ট ইন্ডিজের আছে একজন সুনীল নারায়ণ। স্পিনাররাই কাল (রোববার) ব্যবধান গড়ে দিতে পারেন।”
ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, সুনীল নারায়ণসহ ওয়েস্ট ইন্ডিজের গুরুত্বপূর্ণ সব খেলোয়াড়ই খেলেন আইপিএলে। তাই দুই দলই প্রতিপক্ষ সম্পর্কে খুব ভালো ধারণা রাখে। এ প্রসেঙ্গ রায়না বলেন, “দুই দলই প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা সম্পর্কে জানে। আমরা জানি, ওদের কে কতটা বিপজ্জনক। আমার মনে হয়, ৪০ ওভার পর্যন্ত যাদের মনোযোগ ঠিক থাকবে তারাই জিতবে।”
নিজেদের ব্যাটিং পরিকল্পনা সম্পর্কে রায়না বলেন, “কাকে আক্রমণ করবো কাকে নয়, এই হিসাবটা টি-টোয়েন্টি ক্রিকেটে খুব জরুরি। পরের দিকে অনেক আক্রমণাত্মক ব্যাটসম্যান আছে আমাদের। তবে ভালো শুরুটা জরুরি। আর ৭ থেকে ১১ ওভারে প্রান্ত বদল করে খেলাও গুরুত্বপূর্ণ। আর মারলে জোরেই মারতে হবে।”
কাইরন পোলার্ডের অনুপস্থিতির পরও ওয়েস্ট ইন্ডিজকে সমীহ করছেন রায়না, “ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। ওদের আক্রমণাত্মক ব্যাটসম্যান রয়েছে। তবে তারা ছক্কা হাঁকাতে পারলেও স্পিনে প্রান্ত বদল করে খেলতে পারে না। ওদের বিপক্ষে আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। জিততে হলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে।”
প্রতিপক্ষ দলে গেইল, স্মিথ, স্যামির মতো আক্রমণাত্মক ব্যাটসম্যান থাকলেও মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, যুবরাজ সিংয়ের উপস্থিতিতে ভারতের ব্যাটিং লাইনআপকেও পিছিয়ে রাখছেন না রায়না। আর পাকিস্তানকে হারিয়ে ভারত প্রয়োজনীয় ছন্দ পেয়ে গেছে বলে মনে করেন তিনি।
“প্রথম ম্যাচে পাকিস্তানে হারানোয় আমরা একটা ছন্দ পেয়েছি। সামনে আরো বড় ম্যাচ আছে। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আমাদের খেলতে হবে।”
