প্রস্তুতি ম্যাচে মেয়েদের হার
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।
সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্যাটিং ব্যর্থতায় ৫ রানে হারে বাংলাদেশ।
টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নৈপুণ্যে এক বল বাকি থাকতেই ৮১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
অধিনায়ক সালমা খাতুন ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। ২টি উইকেট পান জাহানারা আলম।
পাকিস্তানের নাহিদা খান ৩০ ও অধিনায়ক সানা মির ১৮ রান করেন। ২৯ রানে ৫ উইকেট পড়ার পর দলের হাল ধরেন তারা। অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি।
জবাবে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পারে ৭৬ রান। হাতে উইকেট থাকলেও শেষের দিকে মেরে খেলতে পারেননি ব্যাটসম্যানরা। ৪৫ বলে সর্বোচ্চ ২৮ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান আয়শা রহমান।
পাকিস্তানের আসমাভিয়া ইকবাল ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে নেন ৩ উইকেট।
২৩ মার্চ সিলেটে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৬ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 'বি' গ্রুপে বাংলাদেশের অন্যান্য প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা।
অন্য প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মেয়েরা ৪৯ রানে আয়ারল্যান্ডকে হারিয়েছে। ৫ উইকেটে শ্রীলঙ্কার করা ১৭০ রানে জবাবে ৯ উইকেট হারিয়ে ১২১ রান করে আইরিশরা।
