স্টেইনের চোটে শঙ্কায় দক্ষিণ আফ্রিকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে দলের মূল পেসার ডেল স্টেইনের চোটে শঙ্কায় রয়েছে দক্ষিণ আফ্রিকা।
পেশির চোটে স্টেইন
মঙ্গলবার বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজের তৃতীয় ওভার শেষ না করেই মাঠ ছেড়ে যান স্টেইন। পরে টুইটারে ক্রিকেট সাউথ আফ্রিকা জানায়, স্টেইনের পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) কিছুটা সমস্যা হয়েছে।
পায়ের পেশির চোটের কারণে টি-টোয়েন্টি অধিনায়ক ফাফ দু প্লেসিও ম্যাচটি খেলেননি।
এ মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের পর এই প্রথম খেলতে নেমেছিলেন স্টেইন। নিউল্যান্ডস টেস্টে পেশির চোট পাওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল।
আগামী ২২ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এর আগে বুধবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
