২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জল-হাওয়া নিয়ে ভাবছেন না ব্রড

বাংলাদেশের জল-হাওয়া আর উইকেট নিয়ে খুব একটা চিন্তিত নন ইংল্যান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ঢাকায় পা রাখার আগে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ‘বাড়ির কাজ’ করে এসেছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 12:30 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

এশিয়ার বাইরের দেশগুলো উপমহাদেশে খেলতে এলেই ‘কন্ডিশন’ নিয়ে কথা ওঠে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে পা দেয়ার পর সোমবার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও 'কন্ডিশন' নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হলো ব্রডকে।

ইংল্যান্ড অধিনায়ক জানালেন, এখানকার ‘কন্ডিশন’ নিয়ে তিনি বেশি ভাবছেন না। এ নিয়ে কাজ করেই এসেছে তার দল।

“এখানকার কন্ডিশন সম্পূর্ণই আলাদা। তবে আমরা এ নিয়ে কাজ করে এসেছি। আশা করছি দ্রুতই মানিয়ে নিতে পারব।”

বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের গতিময় উইকেটে খেলে এসেছে ইংল্যান্ড। পার্থক্যটা অবশ্য মেনে নিয়েছেন তিনি।

“এটা ঠিক অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের উইকেট আর এখানকার উইকেট একরকম নয়। আমরা জানি, এখানে স্পিনিং উইকেট। তবে আমাদেরও কিছু ভালো এবং অভিজ্ঞ স্পিনার আছে।”

বাংলাদেশের জল-হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারলেও সম্প্রতি দলের বাজে ফর্ম কিভাবে পেছনে ফেলবে ইংল্যান্ড? ওয়েস্ট ইন্ডিজে সবশেষ টি-টোয়েন্টি সিরিজটাও ২-১ ব্যবধানে হেরে এসেছে তারা।  ইংল্যান্ড অধিনায়ক অবশ্য সিরিজ হারকে পাত্তা না আত্মবিশ্বাস সঞ্চয়ের জন্য তুলে এনেছেন ভালো ক্রিকেট খেলার বিষয়টিকেই।

“ওয়েস্ট ইন্ডিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। এটা খুব কাজে লাগবে আমাদের। এ ছাড়া গত অনেক দিন ধরেই আমরা ১৫/১৬ জন এক সঙ্গে খেলছি। এটাও আমাদের জন্য খুব ভালো ব্যাপার।”

২০১০ সালে ক্রিকেটের সংক্ষিপ্ততর সংস্করণের শিরোপা জিতে বিশ্বকাপ জয়ের বহু দিনের আক্ষেপ ঘুঁচিয়েছে ইংলিশরা। আর এবার তাদের শিরোপা পূণরুদ্ধারের অভিযান। ইংলিশরা কী পারবে? স্টুয়ার্ট ব্রড জানালেন, খেলাটির নাম টি-টোয়েন্টি, এখানে শিরোপার খোঁজ করে পাওয়া যায় না, শিরোপাই কাউকে খুঁজে নেয়।

“পেছনের দিকে তাকালে আমরা দেখব, চারটি টুর্নামেন্টে চারটি দল চ্যাম্পিয়ন হয়েছে। টি-টোয়েন্টি আসলে খেয়ালি একটি খেলা। এখানে নির্দিষ্ট করে কাউকে ফেভারিট বলা যাবে না।”