২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের কাছে হংকং পরাস্ত

হংকংকে সহজেই ৮০ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সূচনা করেছে নেপাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 12:36 AM

Updated : 13 Oct 2022, 11:55 AM

বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল হংকং। কিন্তু রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম পর্বের ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় তারা বিধ্বস্ত।

টস হেরে ব্যাট করতে নামা নেপালকে ৮ উইকেটে ১৪৯ রান এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা পরশ খড়কা ও জ্ঞানেন্দ্র মাল্লার ৬৭ বলে ৮০ রানের তৃতীয় উইকেট জুটির।

৪১ বলে ৪৮ রান এসেছে মাল্লার ব্যাট থেকে। অধিনায়ক খড়কার অবদান ৪১ রান, ৩৭ বলে।

হংকংয়ের পক্ষে ২৫ রানে ৩ উইকেট নেন পেসার হাসিব আমজাদ।

জবাব দিতে নামা হংকংকে ১৭ ওভারে ৬৯ রানে অলআউট করার পেছনে অবদান দুই স্পিনার শক্তি গউচান ও বসন্ত রেগমির।

১৪ রানে ৩ উইকেট নিয়েছেন রেগমি। ৪ ওভার বল করে মাত্র ৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় গউচান।

হংকংয়ের পক্ষে সর্বোচ্চ ২০ রান বাবর হায়াতের।