২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপেই ‘একত্রিত’ হবে ভারত

বিশ্বকাপে খেলতে আসার আগে ভারত গত ১৪ মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে মাত্র একটি। কিন্তু ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি মনে করেন, দলের সদস্যরা ক্রিকেটের সংক্ষিপ্ততর সংস্করণে খেলার মধ্যে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে সমস্যা হবে না।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 04:09 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করার আগে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের চার ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে ও রবিচন্দ্রন অশ্বিন। কম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা নিয়ে প্রশ্নের মুখে পড়েন তারা।

দল হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার ঘাটতি অভিজ্ঞতা দিয়েই কাটানোর কথা বললেন কোহলি।

“এটা ঠিক যে দল হিসেবে আমরা খুব বেশি টি-টোয়েন্টি খেলিনি। তবে আমারা সবাই আইপিএলে প্রচুর টি-টোয়েন্টি খেলেছি। তাই মানিয়ে নিতে কারও সমস্যা হওয়ার কথা নয়।”

গত এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেয়া কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মেলবন্ধন চান। তার মতে, "বিশ্বকাপটা আমাদের জন্য একটি দল হয়ে ওঠার জন্য বড় সুযোগ।"

দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান আজিঙ্কা রাহানেও এক প্রশ্নের উত্তরে আইপিএলে খেলার বিষয়টি সামনে তুলে আনেন।

এশিয়া কাপে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং ও সুরেশ রায়নাকে ছাড়াই খেলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা ফিরেছেন।

কোহলি অবশ্য চাইছেন, দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলটা ঠিকঠাকভাবে হোক। এই টুর্নামেন্ট তরুণদের জন্য নিজেদের মেলে ধরার একটা ভালো সুযোগ বলে মনে করেন তিনি।

ধোনি-যুবরাজের সঙ্গে ভারত দলে অন্যদের জন্য প্রেরণা হয়ে আছেন রোহিত শর্মা। ২০০৭-এ প্রথম টি-টোয়েন্টির শিরোপাজয়ী ভারত দলে ছিলেন এই তিনজন। রোহিত ভারতের এবার ভালো খেলার স্বপক্ষে যুক্তি তুলে ধরতে সেই বিশ্বকাপের উদাহরণ টেনে এনেছেন।

“২০০৭-এ আমরা অনভিজ্ঞ একটি দল ছিলাম। সেবার আমাদের কাছ থেকে অত ভালো পারফরম্যান্স কেউ আশা করেনি। এবার আমাদের দলে ভালা কিছু খেলোয়াড় আছে।”