২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক ক্রিকেটারদের ভাবনায় ভারত ম্যাচ

‘উপভোগ্য’ ও ‘রোমাঞ্চকর’ আবার ‘শুধুই আরেকটা ম্যাচ’ ও ‘মিডিয়া-হাইপ’- সাংবাদিকদের প্রশ্নের জবাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে অনুভূতিগুলো জানালেন পাকিস্তানের ক্রিকেটাররা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 02:15 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব 'সুপার টেন' শুরু হবে। এর আগে শনিবার সাংবাদিকদের সামনে উমর আকমল, তানভীর সোহেল ও আহমেদ শেহজাদরা এলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে স্বাভাবিকভাবেই বেশি প্রশ্ন উঠলো।

গ্রুপ দুইয়ে তিন চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শিরোপা-প্রত্যাশী অস্ট্রেলিয়াও আছে। সব মিলিয়ে অনেকের কাছেই তা 'গ্রুপ অব ডেথ'। এই গ্রুপের প্রত্যেকটি ম্যাচই উত্তেজনাকর। এর মধ্যেও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উপমহাদেশে রয়েছে আলাদা আবহ।

ভারত-পাকিস্তান ম্যাচ উমর আকমলের কাছে উপভোগ্য। তবে এই ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা তৈরির জন্য সংবাদমাধ্যমের বাড়াবাড়িকেই দায় দিলেন তিনি।

তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন উমর আকমল। ভারত-পাকিস্তান ম্যাচও কম খেলেননি। সেই তুলনায় উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের গায়ে ভারত-পাকিস্তান ম্যাচের আঁচ কমই লেগেছে। তবে তরুণ এই ব্যাটসম্যান যেন সংবাদমাধ্যম সামলাতে শিখেছেন ভালোভাবেই। ভারত-পাকিস্তান ম্যাচ তার কাছে ‘শুধুই আরেকটা ম্যাচ’।

শেহজাদের জন্য খেলা কোনো বিষয় নয়। দেশই তার কাছে বড়। দেশের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করেন এই পাকিস্তান ব্যাটসম্যান। ভারত-পাকিস্তান ম্যাচেও তাই কিছু করে দেখাতে চান তিনি।

পেসার তানভীর সোহেল বেশি ব্যস্ত তার নিজের বোলিং নিয়ে ভাবতে। বাংলাদেশের স্পিন সহায়ক উইকেটেও দলকে কিছু এনে দিতে চান এই পেসার। বোলিং প্রসঙ্গটি আসতেই কথা উঠল শুক্রবারের ভারত-পাকিস্তান ম্যাচটি পাকিস্তানের বোলিং আর ভারতের ব্যাটিংয়ের লড়াই কিনা। তানভীর লড়াইয়ের এই তুলনাটা মেনে নিলেন।

“আমাদের বোলিং সত্যিই খুব শক্তিশালী। পেস আক্রমণে উমর গুল আর আমি ছাড়াও আরো অনেক ভালো বোলার আছে। এখানে স্পিনাররা সুবিধা পাবে। আর সেক্ষেত্রে আমাদের আজমল ও আফ্রিদির মতো স্পিনার রয়েছে। আর এটাও সত্য যে, ভারতের ব্যাটিং লাইনআপ অনেক ভালো।”

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যুদ্ধ-যুদ্ধ একটা ভাব। দুই দেশের সমর্থকদের প্রত্যাশারও অনেক চাপ থাকে। ভারত-পাকিস্তান ম্যাচ যে সত্যিই চাপের, সেটা মানছেন সোহেল তানভীর। তবে সেটা মাঠের বাইরে পর্যন্তই। তানভীরের কথা, "মাঠে নামলে এবং বল হাতে নেয়ার পর আর কিছুই মনে থাকে না।"