২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসকে হারিয়েছে আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা ভালোই হলো আফগানিস্তানের। বুধবার প্রথম প্রস্তুতি ম্যাচে তারা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৫ রানে নেদারল্যান্ডসকে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 08:50 PM

Updated : 13 Oct 2022, 11:54 AM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৫০ রান করে আফগানিস্তান।

এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে সবাইকে চমকে দেয়া আফগানদের লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে বড় অবদান করিম সাদিক (৩৩ বলে ৩৯), শফিকুল্লাহ (২৬ বলে ৩৯) ও অধিনায়ক মোহাম্মদ নবীর (২৫ বলে ৪০)।

নেদারল্যান্ডসের পক্ষে ২৮ রানে তিন উইকেট নেন পেসার আহমেদ জামিল।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে নেদারল্যান্ডসের সামনে ১৫ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১২২ রান।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান মিখায়েল সোয়ার্ট (১৫ বলে ২০) ও স্টেফান মাইবার্গের (৭ বলে ১৪) দুই ওভার ৪ বল স্থায়ী ২৮ রানের জুটি জয়ের স্বপ্ন দেখালেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২ ওভার ৩ বলে ৮৬ রানে অলআউট হয়ে যায় ডাচরা।

২৫ রানে চার উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার পেসার আফতাব আলম। বাঁহাতি স্পিনার হামজা হোতাকের তিন উইকেটের পেছনে খরচ ১৬ রান।