টি-টোয়েন্টির শিরোপার জয়ে 'প্রস্তুত' অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অর্জনের ডালি এখনো শূন্য। তাই বাংলাদেশে এবারের আসরেই শিরোপা ঘরে তুলতে চায় চারবারের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলটি। দলের অলরাউন্ডার শেন ওয়াটসনের বিশ্বাস, অস্ট্রেলিয়া এবার শিরোপা-খরা কাটানোর সবচেয়ে ভালো অবস্থানে আছে।
ওয়াটসন তার এই বিশ্বাসের কারণও জানিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ওয়াটসন বলেন, “আমি খেলেছি, অস্ট্রেলিয়ার এমন দলগুলোর মধ্যে এবারের দলটিই সবচেয়ে ভারসাম্যপূর্ণ।”
এবারের টুর্নামেন্টে কাগজে-কলমেও অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে দলের শক্তির কথা জানিয়েছেন ওয়াটসন।
“সত্যিকার অর্থেই আমাদের ব্যাটিং লাইনের শক্তি আছে; একেবারে দশ নম্বর পর্যন্ত। বোলিংয়েও আমাদের অনেক বিকল্প আছে। আমাদের সর্বোচ্চ মানের উদ্বোধনী বোলার যেমন আছে, তেমনি সর্বোচ্চ মানের ডেথ-ওভার বোলার এবং স্পিনার আছে।”
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২৩ মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।
