স্যামির ব্যাটে সিরিজ উইন্ডিজের
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে প্রস্তুতিমূলক সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে তারা।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ২৭ রানে হারিয়েছিল স্বাগতিকরা।
মঙ্গলবার বার্বাডোজে ইংল্যান্ডের ৭ উইকেটে করা ১৫২ রান ৭ বল হাতে রেখেই টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে ব্যাট করতে নেমে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর ইংল্যান্ডের হাল ধরেন জস বাটলার। চাপের মধ্যেও তিনি খেলেন ৪৩ বলে ৬৭ রানের অসাধারণ এক ইনিংস, যেটি সাজানো ছিল ৫টি চার ও ৩টি ছয়ে।
বাটলারকে ভালো সঙ্গ দিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। ৩৬ বলে ৪০ রান করেন তিনি। এর পর ইংল্যান্ডের আর একজন ব্যাটসম্যানই কেবল দু’অঙ্ক ছুঁতে পেরেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি পেসার ক্রিসমার সান্টোকি ২১ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। ম্যাচ সেরার পুরস্কারটিও তার অধিকারেই গেছে।
১৫৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা ক্রিস গেইলকে অবশ্য বিধ্বংসী রূপে দেখা যায়নি। গেইলের ৩০ বলে ৩৬ রানের ইনিংসটিতে ছিল একটি চার ও ৪টি ছয়। তবে ডোয়াইন স্মিথের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪৮ রান তুলে জয়ের ভিত্তিটা গড়ে দিয়ে গেছেন গেইল। ২টি চার ও ৩টি ছক্কায় ১৬ বলে ৩০ রান করেছেন স্মিথ।
এরপর মারলন স্যামুয়েলস করেছেন ৩৫ বলে ২৮ রান। তবে ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেয় অধিনায়ক ড্যারেন স্যামির দুর্দান্ত একটি ইনিংস। তার ৯ বলে অপরাজিত ৩০ রানের ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছয়।
ইংল্যান্ডের টিম ব্রেসনান ২ উইকেট পেলেও দেন ৫১ রান।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক দলের ব্যাটিং নিয়ে বেশ উচ্ছ্বসিত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যামি বলেন, “এটা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। আরও একটা ম্যাচ আছে আমাদের। দর্শকরা আনন্দ পায়, এমন কিছু উপহার দিতে চাই। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, সব ব্যাটসম্যানরাই রান পাচ্ছে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে রওনা দেয়ার আগে বৃহস্পতিবার বারবাডোজে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ২০১০ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ২০ ওভারে ১৫২/৭ (লাম্ব ৪, হেলস ৪০, আলী ৫, মরগ্যান ৩, বাটলার ৬৭, বোপারা ১৪, রাইট ৭*, ব্রেসনান ৭; সান্টোকি ৪/২১, ব্রাভো ২/৩৪, বদ্রি ১/১৬)
ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৫ ওভারে ১৫৫/৫ (স্মিথ ৩০, গেইল ৩৬, স্যামুয়েলস ২৮, সিমন্স ১৯, রাসেল ২, স্যামি ৩০*, ব্রাভো ৮*; ব্রেসনান ২/৫১, ডার্নব্যাচ ১/৩০, বোপারা ১/১০, রাইট ১/২০)।
