বাংলাদেশে আসছেন না রুট
আঙুলের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকেই পড়লেন ইংল্যান্ডর জো রুট। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের বদলে বাংলাদেশে আসবেন ইয়ান বেল।
জো রুটকে নিয়ে ইংল্যান্ডের সংশয়
বিশ্বকাপে অনিশ্চিত ব্রড
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার রুটের বদলে বেলের খেলার বিষটি অনুমোদন করার কথা নিশ্চিত করেছে।
আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সরাসরি ‘সুপার টেন’-এ অংশ নেয়ার সুযোগ পাওয়া ইংল্যান্ডের প্রথম ম্যাচ ২২ মার্চ, নিউজিল্যান্ডের বিপক্ষে।
গত বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ব্যাট করার সময় ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পান রুট। তবে তা নিয়েই ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক করেন তিনি। তার ১০৭ রানের দারুণ ইনিংসের সুবাদে ম্যাচটি ২৫ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
আঙুলে চিড় ধরায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোববার থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না রুট।
টেস্টে অভিজ্ঞ ব্যাটসম্যান বেল ইংল্যান্ডের হয়ে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৭৫ রান করেছেন।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক স্টুয়ার্ট ব্রডও হাঁটুর চোটে ভুগছেন। তবে বিশ্বকাপের আগেই তিনি সেরে উঠবেন বলে আশাবাদী ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
রোববার ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি চলার সময় হাঁটুতে ব্যথা অনুভব করেন ব্রড। ম্যাচটি ২৭ রানে হেরে গেছে ইংল্যান্ড।
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতেও খেলতে পারবেন না ব্রড।
