আরো বেশি টি-টোয়েন্টি খেলতে চান রাজ্জাক
বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটে ‘বড়’ দল হয়ে উঠতে আরো বেশি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সোমবার হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি আব্দুর রাজ্জাক। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সোমবার হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি আব্দুর রাজ্জাক। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সোমবার হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা টি-টোয়েন্টি কম খেলি। তবে আশার কথা, কিছু দিন ধরে দ্বি-পক্ষীয় সিরিজে টি-টোয়েন্টি যোগ হয়েছে। নিয়মিত খেললে এই ফরম্যাটেও ভালো করার ব্যাপারে আমি আশাবাদী।”রাজ্জাক মানতে নারাজ, তারা এখনো টি-টোয়েন্টি ক্রিকেট বুঝে উঠতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, “বুঝে উঠতে পারিনি এটা বললে ভুল বলা হবে। অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শক্তিশালী দলগুলোর সারিতেও পৌঁছাতে পারিনি।”রাজ্জাক জানালেন, টি-টোয়েন্টিতে প্রায়ই নতুন ধরনের পরিস্থিতিতে পড়তে হয় বাংলাদেশ দলকে। সে সব পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা না থাকায় বেশ সমস্যা হয় তাদের।“প্রত্যেক সিরিজে একটি-দুটি টি-টোয়েন্টি থাকলে আমাদের জন্য খুব ভালো হয়। বেশি-বেশি ম্যাচ খেলার কোনো বিকল্প নেই।”গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়ে তিনি আরো বলেন, “ম্যাচের পরিস্থিতির ওপরেই কৌশল কী হবে, তা নির্ভর করে। কখনো উইকেট নেয়া জরুরি হয়ে পড়ে। কখনো বা রান চেক দেয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তবে উইকেট নিতে পারলে প্রতিপক্ষকে চাপে ফেলা সম্ভব।”টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত রাজ্জাক। সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত ফলাফল না পেলেও টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরে সাফল্য পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।“ভালো খেললেও আমরা প্রত্যাশিত ফলাফল পাই নি। তবে সব বিচার-বিশ্লেষণে ওদের (আফগানিস্তান) সঙ্গে আমাদের জেতার কথা। আমরা নিজেদের শতভাগ দিয়ে জেতার চেষ্টা করবো।”
