স্মিথের ‘সাহসী’ সিদ্ধান্ত
মাত্র ২২ বছর বয়সে অধিনায়কের ক্যাপ মাথায় নিয়ে ভেঙে পড়েননি গ্রায়েম স্মিথ। কখনই মনে হয়নি, নেতৃত্বটা কোনো বাড়তি চাপ হতে পারে। আর সেই স্মিথের কাছেই কিনা বড় চাপ হয়ে উঠেছিল অবসরের সিদ্ধান্ত নেয়াটা। অবশ্য সেই চাপও জয় করলেন, মাত্র ৩৩ বছর বয়েসে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়ে।
সোমবার কেপটাউন টেস্টের তৃতীয় দিন শেষে সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন স্মিথ। জানিয়েছিলেন, অবসরের সিদ্ধান্তটা তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হলেও এটা হঠাৎ করে নেয়া নয়। আর বুধবার আন্তর্জাতিক ক্রিকেটে শেষ দিন সংবাদ সম্মেলনে স্মিথ জানালেন, অবসরের সিদ্ধান্ত নেয়ার সাহস সঞ্চয় করাটাই তার কাছে খুব কঠিন ছিল।“আমি মনে করছিলাম এটা সঠিক সময়। আমি বুঝতে পারছিলাম যে এখানেই আমি শেষ করতে চাইছি। আমি বেশি সময়ের জন্য ঝুলে থাকতে চাইনি। এমন জায়গায় শেষ করতে চাইনি যেটা আমার ঠিক মনে হবে না।”আবেগভরা কণ্ঠে স্মিথ আরো বলেন, “যে রাতে আমি দলকে (আমার সিদ্ধান্ত) জানিয়েছিলাম, সে রাতটা খুব কঠিন ছিল। খুব বেশি কথা আমি বলতে পারিনি। দলকে বিদায় জানানোই সবচেয়ে কঠিন ছিল। কারণ দীর্ঘদিন ধরে প্রোটিয়া দলটিই আমার পরিবার হয়ে উঠেছিল।”জীবনের বাকি সময়ে সতীর্থদের সঙ্গে কাটানো সুন্দর সময়গুলো তার বারবার মনে হবে বলেও জানান স্মিথ।১২ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ১১ বছরই ছিলেন অধিনায়কের গুরু দায়িত্বে। আর শুরু থেকেই দলকে একের পর এক দিয়েছেন জয়ের আনন্দ।২০০২ সালের মার্চে, ২১ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে হারের তেতো স্বাদ দিয়ে অভিষেক হয় ব্যাটসম্যান স্মিথের। তবে অধিনায়ক হিসেবে তা ভিন্ন। অভিষেকের পরের বছর এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে টেস্টে দেশের নেতৃত্বভার কাঁধে চাপে তার। ঐ টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ইনিংস ও ৬০ রানে।নেতৃত্ব দিয়ে ২০১২ সালে দলকে স্মিথ তুলে এনেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যবধানে তিন ম্যাচের টেস্ট সিরিজ হেরে শেষটা মধুর হয়নি ঠিক, তবে টেস্টের শীর্ষস্থানটা এখনও ধরে রেখেছে স্মিথের রেখে যাওয়া দলটি।১০৯ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ৫৩টিতেই জিতেছেন তিনি; শেষ ম্যাচটিসহ হেরেছেন মাত্র ২৯টি। অধিনায়ক হিসেবে ওয়ানডে পরিসংখ্যানটা আরও সমৃদ্ধ। ১৪৯ ম্যাচের মধ্যে ৯১টিতে জিতেছে স্মিথের দক্ষিণ আফ্রিকা। আর টি-টোয়েন্টিতে ২৭ ম্যাচে জয় ১৮টি।অধিনায়কত্বের মতোই ব্যাট হাতে স্মিথের সাফল্য রীতিমত ঈর্ষণীয়। ১১৭ টেস্টে নয় হাজার ২৬৫ রান করেছেন তিনি। ১৯৭ ওয়ানডেতে তার রান ছয় হাজার ৯৮৯। আর ৩৩ টি-টোয়েন্টিতে ৯৮২ রান করেছেন স্মিথ।টেস্টে ২৭টি শতক (যার মধ্যে পাঁচটি দ্বি-শতক) ও ৩৮টি অর্ধশতক করেছেন স্মিথ আর ওয়ানডেতে তার শতক ১০টি, অর্ধশতক ৪৭টি।তবে অধিনায়ক হিসেবে যেমন শেষটা হারের লজ্জায় শেষ হলো তেমনি ব্যাট হাতেও গল্পটা হতাশার। শেষ পাঁচ টেস্টের ১০ ইনিংসে মাত্র একটি অর্ধশতক করেছেন স্মিথ, গত ডিসেম্বরে ভারত সফরে। আর শেষ সিরিজে তার রান মাত্র ৪৫।হঠাৎ অবসরের কারণ হিসেবে ঠিকমতো খেলতে না পারার কথাও উঠে এলো স্মিথের কথায়। তবে রান না পেলেও শেষ দুই সিরিজে দলের সঙ্গে সময়টা দারুণ কেটেছে বলেই জানালেন স্মিথ।অনেক প্রাপ্তির পরও একটা হতাশা অবশ্য রয়েই গেছে স্মিথের মনে। আর তা হলো-কখনই বিশ্বকাপ না জেতার কষ্ট।তবে স্মিথের আশা, দক্ষিণ আফ্রিকা দল একটা বিশ্বকাপ জিততে পারলে পরে আরো কয়েকবার জিতবে।“জীবনের বাকি সময়ে আমি আমার সোফায় বা অন্য কোথাও বসে তাদের সমর্থন দিয়ে যাব।”
