২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগুলো অস্ট্রেলিয়া। ভারতকে হটিয়ে এখন তারা উঠে এসেছে ২ নম্বরে। তবে সিরিজ হেরে গেলেও শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 04:57 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বুধবার কেপটাউনের নিউল্যান্ডসে ২৪৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।বছরের শুরুতে অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে ৫-০ ব্যবধানে জেতায় ১১১ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে এসেছিল অস্ট্রেলিয়া। আর এখন তার সঙ্গে চার পয়েন্ট যোগ হয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১১৫। এক ধাপ নিচে নেমে যাওয়া ভারতের পয়েন্ট ১১২।অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি যদি অস্ট্রেলিয়া ড্রও করতো তবুও র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানেই উঠে আসতো তারা। আর সিরিজের ফলাফল যায় হোক না কেন, দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থান নিশ্চিতই ছিল। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১২৭।১৯ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে বাংলাদেশ।দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ জয়ের ফলে অস্ট্রেলিয়ার আরেকটি প্রাপ্তিও নিশ্চিত হয়েছে। আগামী ১ এপ্রিলের আগে আর কোনো টেস্ট না থাকায় দুই নম্বর টেস্ট দল হিসেবেই মৌসুম শেষ করতে যাচ্ছে তারা। ফলে দ্বিতীয় সেরা টেস্ট দল হিসেবে তারা পাবে তিন লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আর সেরা দল হিসেবে দক্ষিণ আফ্রিকা পাবে চার লাখ ৭৫ হাজার ডলার পুরস্কার।