স্মিথের শেষ টেস্টে হারের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা
জীবনের শেষ টেস্ট ইনিংসে মাত্র ৩ রান করে আউট হয়ে গেছেন গ্রায়েম স্মিথ। কেপ টাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে তার দল দক্ষিণ আফ্রিকাও হারের শঙ্কার সামনে।
৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মঙ্গলবার চতুর্থ দিন শেষে স্বাগতিক দলের সংগ্রহ ৪ উইকেটে ৭১ রান। সিরিজে ১-১ সমতা থাকায় অস্ট্রেলিয়ার সামনে অ্যাশেজের পর আরেকটি সাফল্যের হাতছানি।মঙ্গলবারই স্মিথ জানিয়েছেন, কেপ টাউন টেস্টই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। দর্শকদের তুমুল হর্ষধ্বনি আর প্রতিপক্ষের গার্ড অফ অনারের মধ্যে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে অবশ্য ফিরতে হয়েছে তিক্ত অভিজ্ঞতা নিয়ে।ইনিংসের তৃতীয় এবং নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উদ্বোধনী জুটিতে স্মিথের সঙ্গী আলভিরো পিটারসেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শততম টেস্ট উইকেটের আনন্দে মেতে ওঠেন রায়ান হ্যারিস।ছয় বল পর স্মিথেরও বিদায়। সিরিজে চতুর্থবারের মতো মিচেল জনসনের ‘শিকারে’ পরিণত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়কের লাফিয়ে ওঠা একটি বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় শর্ট লেগ ফিল্ডার অ্যালেক্স ডুলানের হাতে।মাঠ ছেড়ে যাওয়ার সময় অস্ট্রেলীয় ক্রিকেটারদের ‘স্যালিউট’ আর সাজঘর ছেড়ে বেরিয়ে আসা সতীর্থদের বিদায় সংবর্ধনা স্মিথকে সান্ত্বনা ছাড়া আর কিছু দিতে পারেনি। জীবনের শেষ টেস্ট সিরিজে ব্যাট হাতে দুঃস্বপ্নের মতো কেটেছে তার। তিন টেস্টের সিরিজটিতে মাত্র ৪৫ রান করেছেন তিনি, গড় ৭.৫।অবশ্য স্মিথের টেস্ট ক্যারিয়ার দারুণ সমৃদ্ধ -- ১১৭ টেস্টে ৪৮.২৫ গড়ে ৯ হাজার ২৬৫ রান, শতক ২৭টি, অর্ধশতক ৩৮টি। রেকর্ড ১০৯টি টেস্টে অধিনায়কত্ব করার কৃতিত্বও তার।স্মিথের বিদায়ের কিছুক্ষণ পর জনসন ডিন এলগারকেও বোল্ড করলে ৩ উইকেটে ১৫ রান নিয়ে চা-বিরতিতে যায় স্বাগতিক দল।দিনের শেষ সেশনে অবশ্য হাশিম আমলা আর এবি ডি ভিলিয়ার্স ভালোই প্রতিরোধ গড়েছিলেন। দুই ঘণ্টারও বেশি সময় অবিচ্ছিন্ন থেকে, ৫৩ রানের জুটি গড়েছিলেন তারা।আমলাকে এলবিডব্লিউ করে জুটিটা ভাঙ্গেন জেমস প্যাটিনসন। ১০৯ বল খেলে ৪১ রান করেছেন আমলা।ডি ভিলিয়ার্স অবশ্য তার চেয়েও ধীরগতিতে ব্যাট করছেন। ১০০ বল খেলে ১৬ রানে অপরাজিত আছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার সঙ্গে থাকা ‘নাইটওয়াচম্যান’ কাইল অ্যাবট ১ রানে অপরাজিত।এর আগে বিনা উইকেটে ২৭ রান নিয়ে খেলতে নেমে ম্যাচে ডেভিড ওয়ার্নারের দ্বিতীয় শতকের সুবাদে ৫ উইকেটে ৩০৩ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।প্রথম ইনিংসে ১৩৫ রান করা ওয়ার্নার দ্বিতীয় ইনিংসে করেন ১৪৫ রান। ১৫৬ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ছিল ১৩টি চার ও ৪টি ছক্কায়।সিরিজটা দারুণ কাটলো অস্ট্রেলিয়ার বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের। তিন টেস্টে তিনটি শতক ও দুটো অর্ধশতকসহ ৯০.৫ গড়ে ৫৪৩ রান এসেছে তার ব্যাট থেকে।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া: ৪৯৪/৭ ডিক্লে. (ক্লার্ক ১৬১*, ওয়ার্নার ১৩৫, স্টিভেন স্মিথ ৮৪; ডুমিনি ৪/৭৩) ও ৩০৩/৫ ডিক্লে. (রজার্স ৩৯, ওয়ার্নার ১৪৫, ডুলান ৩৭, ওয়াটসন ২৫, ক্লার্ক ০, স্টিভেন স্মিথ ৩৬*, হ্যাডিন ৩*; অ্যাবট ৩/৬১, মরকেল ১/৬৭)দক্ষিণ আফ্রিকা: ২৮৭ (দু প্লেসি ৬৭, পিটারসেন ৫৩; জনসন ৪/৪২, হ্যারিস ৩/৬৩) ও ৭১/৪ (পিটারসেন ৯, স্মিথ ৩, এলগার ০, আমলা ৪১, ডি ভিলিয়ার্স ১৬*, অ্যাবট ১*; জনসন ২/৩১, হ্যারিস ১/১০, প্যাটিনসন ১/১৩)।
