কেপ টাউনে চালকের আসনে অস্ট্রেলিয়া
কেপ টাউনে তৃতীয় ও শেষ টেস্টে মিচেল জনসন ও রায়ান হ্যারিসের দারুণ বোলিং সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছে অস্ট্রেলিয়াকে। তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ২৮৭ রানে শেষ করে দিয়ে ২০৭ রানের লিড পেয়েছে অতিথি দল।
তবে প্রতিপক্ষকে ফলো-অন করায়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ২৭ রান। সব মিলিয়ে মাইকেল ক্লার্কের দল ২৩৪ রানে এগিয়ে।৭ উইকেটে ৪৯৪ রান নিয়ে আগের দিন শেষ করা অস্ট্রেলীয়রা সোমবার আর ব্যাট করেনি। এই স্কোরেই প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছে।জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান আলভিরো পিটারসেন (৫৩) অর্ধশতক করলেও ৪ উইকেটে ১২৭ রান নিয়ে বেশ অস্বস্তির সঙ্গে মধ্যাহ্ন-বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা। চা-বিরতির সময় স্কোর ছিল ৬ উইকেটে ২০০ রান।এই সিরিজে এর আগের ৪ ইনিংসে ৩৭ রান করা স্মিথ আবারও ব্যর্থ হয়েছেন। সোমবার মাত্র ৫ রান করেছেন স্বাগতিকদের অধিনায়ক।দারুণ এক শতক করে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় টেস্ট জেতানো হাশিম আমলা আউট হয়েছেন ৩৮ রানে। তবে আগের টেস্টে শতক করা জেপি ডুমিনি মাত্র ৪ রান করেছেন। এই তিন জনই হ্যারিসের শিকার।চা-বিরতির পর বাকি ৪ উইকেট হারিয়ে আরো ৮৭ রান যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। তারা এত দূর যেতে পেরেছে ফাফ দু প্লেসি ও ভার্নন ফিল্যান্ডারের সৌজন্যে। দু প্লেসি ৬৭ রান করে আউট হয়ে গেলেও ফিল্যান্ডার অপরাজিত ছিলেন ৩৭ রানে।৪২ রানে ৪ উইকেট নিয়ে জনসন অস্ট্রেলিয়ার সেরা বোলার। ৬৩ রানে হ্যারিসের শিকার তিনটি।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া: ৪৯৪/৭ ডিক্লে. (ক্লার্ক ১৬১*, ওয়ার্নার ১৩৫, স্মিথ ৮৪; ডুমিনি ৪/৭৩) ও ২৭/০ (রজার্স ১*, ওয়ার্নার ২৫*)দক্ষিণ আফ্রিকা: ২৮৭ (স্মিথ ৫, পিটারসেন ৫৩, এলগার ১১, আমলা ৩৮, ডি ভিলিয়ার্স ১৪, দু প্লেসি ৬৭, ডুমিনি ৪, ফিল্যান্ডার ৩৭*, অ্যাবট ৩, স্টেইন ২৮, মরকেল ৭; জনসন ৪/৪২, হ্যারিস ৩/৬৩, প্যাটিনসন ২/৭৭, ওয়াটসন ১/৩৪)।
