২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজকে হারিয়ে সমতায় ইংল্যান্ড

অ্যান্টিগায় দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা এনেছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 12:56 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রোববার রবি বোপারা ও অধিনায়ক স্টুয়ার্ট ব্রডের অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে স্বাগতিকদের তিন উইকেটে হারায় ইংল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের ১৫৯ রানের মোটামুটি সংগ্রহ তাড়া করতে নেমে বিপদেই পড়ে গিয়েছিল সফরকারীরা। সাত উইকেট পড়ার পর বোপারা ৩৮ ও ব্রডের ২৮ রানে ৩১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইংল্যান্ড।

প্রথম ওয়ানডেতে অভিষিক্ত মাইকেল লাম্বের শতক করলেও স্বাগতিকদের কাছে ১৫ রানে হেরেছিল ইংল্যান্ড।

ধীর গতির পিচে উদ্বোধনী ব্যাটসম্যান মঈন আলির আউটের পর শূন্য রানেই বিদায় নেন লুক রাইট। তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ার পর লাম্ব (৩৯) ও জো রুটের (২৩) বিদায়ের পর ইংল্যান্ডের বিপদ আরো বাড়ে বেন স্টোকস, জস বাটলার ও টিম ব্রেসনানের আউটে। এরপর বোপারাকে নিয়ে বিপদ কাটান ব্রড।

দুটি করে উইকেট নেন ডোয়াইন ব্রাভো ও নিকিতা মিলার।

এর আগে লেন্ডল সিমন্সের ম্যাচের সর্বোচ্চ ৭০ রানে প্রাথমিক বিপদ কাটায় ওয়েস্ট ইন্ডিজ। তবে ডোয়াইন ব্রাভো ছাড়া অন্য কোনো ব্যাটসম্যানই ২০ রান ছুঁতে না পারায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা।

৩২ রানে ৩ উইকেট নেন স্টিফেন প্যারি।

আগামী বুধবার একই ভেন্যুতে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে।