অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন
দক্ষিণ আফ্রিকার জাতীয় দল এখনো কোনো বিশ্বকাপ জিততে পারেনি। তবে ‘বড়’রা ব্যর্থ হলেও ‘ছোট’রা সফল। শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এই টুর্নামেন্টে এর আগে ২০০২ ও ২০০৮ সালে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি দক্ষিণ আফ্রিকার তরুণরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৩ বলে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
৭২ রানে ৭ উইকেট হারানো পাকিস্তানকে এক শ’ পার করিয়েছে আমাদ বাট (৩৭*) ও জাফর গোহারের (২২) ৪৫ রানের অষ্টম উইকেট জুটি।
১৫ রানে চার উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার পেসার করবিন বশ।
জবাবে ২৮ রানে দুই উইকেট হারালেও উদ্বোধনী ব্যাটসম্যান এইডেন মারক্রামের অপরাজিত ৬৬ রান ৪৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় দক্ষিণ আফ্রিকাকে।
দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান গ্রেগ ওল্ডফিল্ডের।
পাকিস্তানের পক্ষে ২৪ রানে দুই উইকেট নেন লেগস্পিনার কারামত আলী।
ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন বশ। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় মারক্রাম।
