২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগে সিলেটের জয়

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে এক দিন হাতে রেখেই বরিশালকে ৯ উইকেটে হারিয়েছে সিলেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 07:20 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সিলেট-বরিশালবরিশাল বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের ২২৪ রানের জবাবে ২৯৯ রান করে সিলেট। সর্বোচ্চ ৭৭ রান করেন আনোয়ার আকবর।শনিবার ৭৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে মাত্র ১৩০ রানে অলআউট হয়ে যায় বরিশাল। সর্বোচ্চ ৪৫ রান আসে সালমান হোসেনের ব্যাট থেকে।সিলেটের পক্ষে তিনটি করে উইকেট নেন পেসার আবু জায়েদ ও বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র।

মাত্র ৫৬ রানের জয়ের লক্ষ্যে পৌঁছাতে একটুও সমস্যা হয়নি সিলেটের। অভিষেক মিত্র শূন্য হাতে বিদায় নিলেও অন্য উদ্বোধনী ব্যাটসম্যান সায়েম আলমের অপরাজিত ৪৮ রান সহজ জয় এনে দিয়েছে তাদের।

রংপুর-চট্টগ্রাম

কক্সবাজারের শেখ জামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার উইকেটে ১৫৪ রান নিয়ে খেলতে নেমে মাহমুদুল হাসানের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ১৮৯ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।

৩৮ রানে পাঁচ উইকেট নেন অফস্পিনার মাহমুদুল।

৬০ রানের লিড পাওয়া রংপুর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেটে ১৪৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে। সায়মন আহমেদ ৭১ ও তারিক আহমেদ ৫০ রান নিয়ে ব্যাট করছেন।

আট উইকেট হাতে নিয়ে ২০৩ রানে এগিয়ে আছে উত্তরবঙ্গের দলটি।

ঢাকা-ঢাকা মেট্রো

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা-ঢাকা মেট্রোর লড়াই ড্রয়ের দিকে এগোচ্ছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার খেলা না হলেও শনিবার রানের বন্যা বয়ে গেছে এই ম্যাচে। ৯ উইকেটে ৩৭৫ রান নিয়ে দিন শুরু করা ঢাকা বিভাগের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৯৮ রানে।

জবাবে মার্শাল আইয়ুবের ১৭৩ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ৪০১ রান করেছে ঢাকা মেট্রো। আইয়ুবের ২০৯ বলের দুর্দান্ত ইনিংস ২১টি চার ও তিনটি ছক্কায় সাজানো।

ঢাকার পক্ষে তিনটি করে উইকেট নেন পেসার শাহাদাত হোসেন ও লেগস্পিনার নূর হোসেন।

দিন শেষে ঢাকার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান।

রাজশাহী-খুলনা

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামেও খেলা ড্রয়ের দিকে এগোচ্ছে।

প্রথম ইনিংসে খুলনার ২৭৪ রানের জবাবে ৯ উইকেটে ২৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে রাজশাহী। শেষ উইকেটে ৮৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন মুক্তার আলী (৫১*) ও দোলোয়ার হোসেন (৫২*)।

গতবারের চ্যাম্পিয়ন খুলনার পক্ষে ৫৩ রানে তিন উইকেটে নিয়েছেন পেসার রবিউল ইসলাম।