২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে ছন্দে ফিরতে চান মাশরাফি

শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি সিরিজে হারার পরও মাশরাফি বিন মুর্তজার দৃঢ় বিশ্বাস, এশিয়া কাপে সেরা ছন্দে ফিরবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 05:25 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সিরিজট আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। ঘুরে দাঁড়াতে দলের সবাই কঠোর পরিশ্রম করছে। আশা করছি এশিয়া কাপে নিজেদের সেরা খেলাটা খেলতে পারবো।”

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দলটির বিপক্ষে বল হাতে বরাবরই সফল মাশরাফি। তবে দেশসেরা এই পেসার ভাবছেন সবাইকে নিয়েই।

“সবাই মিলিতভাবে ভালো করতে পারলে আমার মনে হয় ইতিবাচক ফলাফল সম্ভব। কাল (বুধবার) কেবল আমি না দলের প্রত্যেকে ভালো খেলার চেষ্টা করবো।”

গত এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ঐ ম্যাচ নিয়ে এখন আর ভাবতে রাজি নন মাশরাফি। তিনি বলেন, “কাল কি করবো সেটাই গুরুত্বপূর্ণ। ওদের হারালে সেটাকে অঘটন বলবো না। ওদের আগেও হারিয়েছি।”

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি না এলেও ভারতের শক্তির খুব একটা তারতম্য হয়েছে বলে মাশরাফি মনে করেন না।

“আমি কোনো দিক থেকে দুর্বলতা দেখছি না। দেখার সুযোগ নাইও। ভারতের ব্যাটিং লাইনআপ সব সময়ই বিশ্বমানের। উপমহাদেশে ওদের পারফরম্যান্সও ভালো। আমার মনে হয় কাজটা সহজ হবে না, আমাদের নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।”

বাংলাদেশের বিপক্ষে বড় ইনিংস খেলাকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট কোহলি। তবে কেবল তাকে নিয়েই নয়, ভারতের পুরো ব্যাটিং লাইনআপ নিয়েই বাংলাদেশ পরিকল্পনা করছে বলে জানান মাশরাফি।

সাকিব আল হাসান ও তামিম ইকবালের অভাব অনুভব করলেও নতুনদের কাছ থেকে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা মাশরাফির। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সবাই রোমাঞ্চিত জানিয়ে মাশরাফি বলেন, “সবাই ভালো করার জন্য কঠোর পরিশ্রম করছে। তবে এক ম্যাচে সবাই সফল হয় না। বেশিরভাগ সাফল্য পেলে আমাদের জন্য জেতাটা সহজ হয়।”

তিন দিন পর পুরো ছন্দে বল করেছেন মাশরাফি। কোনো সমস্যা অনুভব করেননি সাবেক এই অধিনায়ক। দলে কোনো ‘সঙ্কটও’ চোখে পড়ছে না তার।