২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের আবারো কথা বলতে মানা

এশিয়া কাপ চলার সময় বাংলাদেশের ক্রিকেটারদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে টিম ম্যানেজমেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 05:14 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

এশিয়া কাপ শুরু হওয়ার আগের দিন সোমবার মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বাংলাদেশ দলের অনুশীলন শেষে কোনো ক্রিকেটারের সঙ্গে সাংবাদিকদের কথা বলার সুযোগ দেয়া হয়নি।এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যবস্থাপক নাজমুল করিম টেংকু সাংবাদিকদের জানান, ম্যাচের আগের দিনই কেবল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি পাওয়া যাবে। তাছাড়া স্বাগতিক দলের কেউই গণমাধ্যমের মুখোমুখি হবেন না।এ মাসের শুরুর দিকে চট্টগ্রাম টেস্টের পরদিন থেকে ক্রিকেটারদের ওপর ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও অধিনায়ক মুশফিকুর রহিম জাতীয় দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশের পর আবার নিষেধাজ্ঞা আরোপ করা হল।রোববার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম জানান, এশিয়া কাপের জন্য দল ঘোষণা করার আগে নির্বাচকরা তার সঙ্গে আলোচনা না করায় তিনি ‘আনহ্যাপি’।বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।সোমবার কঠোর অনুশীলনে সেই ম্যাচের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অনেকগুলো ক্যাচ ছাড়া স্বাগতিক দল ফিল্ডিং অনুশীলনে বাড়তি মনোযোগ দিয়েছে।