ভারতের সামনে জয়ের হাতছানি
অজিঙ্কা রাহানের শতক ও শিখর ধাওয়ানের প্রায় শতকের সুবাদে ওয়েলিংটনে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনেই জয়ের সৌরভ পাচ্ছে ভারত।
৪৩৮ রানে প্রথম ইনিংস শেষ হওয়ায় ২৪৬ রানের লিড পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই প্রথম টেস্ট জয়ী নিউ জিল্যান্ড। দিন শেষে তাদের স্কোর ২৪/১। ইনিংস হার এড়াতে আরো ২২২ রান প্রয়োজন স্বাগতিকদের।বেসিন রিজার্ভে অতিথিদের বিশাল লিড এনে দিতে বড় অবদান রাহানে ও ধাওয়ানের। পঞ্চম টেস্ট খেলতে নেমে প্রথম শতকের দেখা পাওয়া রাহানের ১৫৮ বলে ১১৮ রানের চমৎকার ইনিংস সাজানো ১৭টি চার ও একটি ছক্কায়।তবে একটুর জন্য তিন অঙ্কের ঘরে যেতে পারেননি ধাওয়ান। ভারতের বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের ৯৮ রানের আক্ষেপ জাগানো ইনিংস গড়ে উঠেছে ১২৭ বলে, ১৪টি চার ও একটি ছক্কায়।দলকে বড় লিড এনে দিতে ধোনির অবদানও কম নয়। রাহানের সঙ্গে ১২০ রানের জুটি গড়া ভারত অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৬৮ রান। আগের দিন ৬ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস ১৯২ রানে গুঁড়িয়ে দেয়া ইশান্ত শর্মাও ‘নাইটওয়াচম্যান’ হিসেবে মূল্যবান ২৬টি রান করেছেন।তিনটি করে উইকেট নিয়েছেন তিন পেসার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও নিল ওয়াগনার।সংক্ষিপ্ত স্কোর:নিউ জিল্যান্ড: ১৯২ (উইলিয়ামসন ৪৭, নিশাম ৩৩; ইশান্ত শর্মা ৬/৫১, সামি ৪/৭০) ও ২৪/১ (ফুলটন ১, রাদারফোর্ড ১৮*, উইলিয়ামসন ৪*; জহির ১/৭)ভারত: ৪৩৮ (ধাওয়ান ৯৮, বিজয় ২, পুজারা ১৯, ইশান্ত শর্মা ২৬, কোহলি ৩৮, রোহিত শর্মা ০, রাহানে ১১৮, ধোনি ৬৮, জাদেজা ২৬, জহির ২২, সামি ০*; সাউদি ৩/৯৩, বোল্ট ৩/৯৯, ওয়াগনার ৩/১০৬, নিশাম ১/৬২)
