রাইডারদের শাস্তিতে কপাল খুললো নিশাম, ল্যাথামের
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে জেসি রাইডার ও ডাগ ব্রেসওয়েল বাদ পড়ায় সুযোগ পেয়েছেন অলরাউন্ডার জিমি নিশাম ও ব্যাটসম্যান টম ল্যাথাম।
অকল্যান্ড টেস্টের আগে রাত তিনটা পর্যন্ত পানশালায় গিয়ে মদ্যপান করার শাস্তি হিসেবে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন রাইডার ও ব্রেসওয়েল।
মঙ্গলবার নিউ জিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশাম ও ল্যাথামকে দলে নেয়ার কথা জানানো হয়। দুজনই টেস্টে একেবারে নতুন।
শাস্তি না পেলেও ব্রেসওয়েল অবশ্য চোট পাওয়ায় এমনিতেই খেলতে পারতেন না দ্বিতীয় টেস্টে। তবে সন্তান হওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে চাওয়া রস টেইলরের জায়গায় রাইডারের কথাই ভাবা হচ্ছিল। এখন বিকল্প হিসেবে আনা হয়েছে ল্যাথামকে।
শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। রোববার চতুর্থ দিনেই ৪০ রানে অকল্যান্ড টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।
ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, পিটার ফুলটন, টাম ল্যাথাম, জিমি নিশাম, হামিশ রাদারফোর্ড, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়েগনার, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।
পানশালায় যাওয়ার শাস্তি পেলেন রাইডার
