দুই ব্যাটসম্যানের প্রশংসায় মেন্ডিস
মিরপুরে প্রথম টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিধ্বস্ত হলেও চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ইমরুল কায়েস ও শামসুর রহমানের শতকের ওপরে ভর করে দারুণ লড়াই করছে বাংলাদেশ। শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিসও এই দুজনের প্রশংসায় পঞ্চমুখ।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫৮৭ রানের জবাবে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ৪০৯/৮।৮৪ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার মেন্ডিস খেলা শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, “বাংলাদেশের দুই আর তিন নম্বর ব্যাটসম্যান খুব ভালো খেলেছে। ওরা অনেক ধৈর্য্য নিয়ে ব্যাট করেছে। তবে ওদের বিদায়ের পর আমরা ভালো করেছি।”দুই উইকেট হাতে থাকলেও বাংলাদেশ এখনো ১৭৮ রানে পিছিয়ে। মেন্ডিস জানালেন, শুক্রবার সকালে স্বাগতিক দলের প্রথম ইনিংস যত দ্রুত সম্ভব শেষ করে দিয়ে জয়ের চেষ্টা করবে শ্রীলঙ্কা।গত বছর মার্চে গলে বাংলাদেশের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন মেন্ডিস। জানালেন, চোটের কারণে টেস্ট দলে ফিরতে এতটা সময় লাগলো। অনেক দিন পর টেস্ট খেলতে নেমে সাফল্য পেয়ে তিনি আনন্দিত।“প্রায় এক বছর পর টেস্ট খেলছি বলে আমি ভীষণ খুশি। উইকেট ব্যাটিং সহায়ক হলেও আমরা ভালো বল করেছি। বোলিংয়ের বেসিকগুলো আমরা মেনে চলেছি। ভালো লাইন-লেন্থে বল করায় সাফল্যও পেয়েছি।”
