২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতক করেও ইমরুলের হতাশা

প্রথম রান নিতে গিয়ে কুঁচকিতে ব্যথা পেয়েছিলেন ইমরুল কায়েস। বুধবার ব্যাটিংয়ের সময় পাঁজরেও বল লেগেছিল তার। দাঁত কামড়ে সব ব্যথা সহ্য করে পেয়েছেন প্রথম টেস্ট শতক।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 08:35 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

প্রত্যাবর্তনটা এর চেয়ে ভালো হতে পারতো না। জীবনের প্রথম ১৬ টেস্টে মাত্র একটা অর্ধশতক পেলেও সোয়া দুই বছর পর টেস্ট খেলতে নেমেই পৌঁছে গেছেন তিন অঙ্কের ঘরে। তবে এই প্রাপ্তির উচ্ছ্বাসের মধ্যেও জানালেন, ‘আত্মঘাতী’ শটে আউট হওয়ার যন্ত্রণা পোড়াচ্ছে তাকে।ব্যথায় হাঁটতে না পারায় সংবাদ সম্মেলনে আসতে পারেননি ইমরুল। তাই ড্রেসিংরুমের সামনে সাংবাদিকরাই গেলেন তার কাছে।এ সময় ইমরুল বলেন, “শটটা খেলা ঠিক হয়নি। আমার ভুল হয়েছে। তার আগে চেষ্টা করেছি ঝুঁকি না নিয়ে খেলতে। তারপরও মাঝে-মাঝে ভুল হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে চেষ্টা করবো এমন ভুল যেন না হয়।”প্রথম ওভারেই তামিম ইকবালের বিদায়ের কারণে প্রায় উদ্বোধনী ব্যাটসম্যানের ভূমিকা নিতে হয়েছিল তিন নম্বরে নামা ইমরুলকে। কোচ শেন জার্গেনসেন অবশ্য উদ্বোধন করার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তাকে।“গতকাল (বুধবার) চা-বিরতির আগে কোচ আমাকে বলেছিলেন, ‘তুমি ওপেন করবে।’ আমার সেভাবে প্রস্তুতিও ছিল। তামিম আউট হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি নামতে হলেও তাই তেমন সমস্যা হয়নি।”দল ও নিজের প্রয়োজনের সময় শতক পেয়ে সব ব্যথা ভুলে গেছেন ইমরুল। নিজের ইনিংস সম্পর্কে তিনি জানান, “কাল বুকে বল লেগেছিল। কুঁচকিতেও ব্যথা পেয়েছিলাম। ঐ ব্যথা নিয়েই ব্যাট করেছি। অনেকে বুঝতে পারেনি। তবে ফিজিও জানেন, কীভাবে ব্যাটিং করেছি। তিনি বলেছিলেন, ‘শক্ত থাকো, তাহলে ব্যাট করতে পারবে।’”“আমি তাই ব্যথাকে মাথায় রাখিনি। কাল থেকে অনেকগুলো পেইন কিলার খেতে হয়েছে। প্রথম রান নেয়ার সময়ই কুঁচকিতে লেগেছিল। আউট হওয়ার পর হ্যামস্ট্রিংয়েও টান পড়ে।”বুধবার ব্যক্তিগত ৩১ রানে ‘জীবন’ পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। রাতে তা নিয়ে অনেক ভাবনা-চিন্তা করা ইমরুল বলেন, “আজকে (বৃহস্পতিবার) আমি নিজের স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করেছি। তবে শারীরিক অবস্থা এত খারাপ ছিল যে ভীষণ কষ্ট হচ্ছিল।”শামসুর রহমানের সঙ্গে ব্যাটিং উপভোগ করার কথা জানিয়ে তিনি আরো বলেন, “শুভ (শামসুর) খুব ভালো ব্যাটিং করেছে। প্রথম ওভারেই উইকেট পড়ার পর বিশাল রান তাড়া করার চাপ ছিল। ব্যাটিংয়ের সময় আমরা অনেক মজা করেছি। তাই কোনো চাপ টের পাইনি।”