২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটে ইতি পিটারসেনের

অস্ট্রেলিয়ার মাটিতে ৫-০ ব্যবধানে অ্যাশেজ হারের পর এবার খড়গ নেমে এলো ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান কেভিন পিটারসেনের উপর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 02:30 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, কোনো ধরণের ক্রিকেটেই তাদের ভবিষ্যত পরিকল্পনায় আর নেই ৩৩ বছর বয়সী পিটারেসেন।

পিটারসেনকে বাদ দেওয়ার প্রসঙ্গে ইসিবির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটন জানান, এখন সময় দলকেই নতুনভাবে গড়ে তোলা।

অ্যাশেজে অতিথিদের দলের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন পিটারসেনই। পাঁচ টেস্টের ১০ ইনিংসে ২৯৪ রান করেন তিনি।

বোর্ডের এই সিদ্ধান্তে মর্মাহত পিটারসেন। তবে ক্রিকেটকে এখনই বিদায় বলতে নারাজ দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত এই খেলোয়াড়।

“আমি খেলা চালিয়ে যাব। তবে জাতীয় দলের হয়ে আর খেলতে না পারাটা আমার জন্য বড় আফসোসের।”

২০০৪ সালে ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করা পিটারসেন বলেন, “দেশের হয়ে ক্রিকেট খেলাটা ছিল সম্মানের। ইংল্যান্ডের জার্সি প্রতিবার পরার মুহূর্ত আমার কাছে ছিল দারুণ গর্বের। যা আমার জীবনে চির অম্লান থাকবে।”

আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ায় 'খুবই' মর্মাহত হলেও ক্রিকেটার হিসেবে গত নয় বছরের অর্জন নিয়ে পিটারসেন 'গর্বিত' বলেও জানালেন।

১০৪ টেস্টে ৪৭.২৮ গড়ে আট হাজার ১৮১ রান করেছেন পিটারসেন। এছাড়া ১৩৬ ওয়ানডেতে ৪০.৭৩ গড়ে চার হাজার ৪৪০ ও ৩৭ টি-টোয়েন্টিতে ৩৭.৯৩ গড়ে এক হাজার ১৭৬ রান করেছেন পিটারসেন।

টানা তিনটিসহ মোট চারবার অ্যাশেজ জয়ে অসাধারণ অবদান রাখা পিটারসেনের দারুণ নৈপূণ্যে ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছিল ইংল্যান্ড। ঐ বিশ্বকাপে সিরিজ সেরা হয়েছিলেন পিটারসেন।

ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৩টি টেস্ট সেঞ্চুরির মালিক পিটারসেন ক্যারিয়ারে অনেক সাফল্য পেলেও বারবার বিতর্কিতও হয়েছেন তিনি।

এই যেমন ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ চলার সময় সতীর্থদের ব্যঙ্গ করে প্রতিপক্ষের খেলোয়াড়দের এসএমএস পাঠানোর অপরাধে দল থেকে তো বটেই, কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন পিটারসেন।

ঐ বছরের মে মাসে, ওয়ানডে ক্রিকেট থেকে একবার অবসরের ঘোষণাও দিয়েছিলেন পিটারসেন, যদিও দুই মাস বাদেই সে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।