পিসিবিতে প্রধান নির্বাচক হলেন আমির সোহেল
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রীড়া উন্নয়ন বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আমির সোহেল। একই সঙ্গে প্রধান নির্বাচকেরও দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
২০১৩ সালের জুলাইয়ে ইকবাল কাশিম চুক্তি নবায়নে রাজি না হওয়ার পর থেকে নির্বাচক কমিটির কোনো স্থায়ী প্রধান নেই পিসিবির।
পরে মঈন খানকে প্রধান নির্বাচক করা হয়েছিল। তবে পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নাজাম শেঠির সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইসলামাবাদ হাই কোর্ট খারিজ করে দেয়ার পর এই সিদ্ধান্তটিও বাতিল হয়ে যায়।
গত মে মাসে বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফকে আদালত সরিয়ে দেয়ার পর অন্তর্বর্তীকালীন কমিটির অধীনে চলছিল পিসিবি। পরে আলাদতের পর নির্দেশে পিসিবি প্রধানের দায়িত্ব পালন শুরু করেন তিনি।
এখন সোহেলকে দিয়েই অ্যাকাডেমিগুলোকে আরো সচল করতে চান আশরাফ। একই সঙ্গে তাকে নির্বাচকের বাড়তি দায়িত্বও দিয়েছেন তিনি।
২০০৯ সালে ইজাজ বাটের সময়ে একই পরিচালক পদে ছিলেন সোহেল। তবে কাজের স্বাধীনতা না থাকায় পদত্যাগ করেন তিনি। ২০০৩ সালের বিশ্বকাপের পর প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন তিনি।
