হার দিয়ে দুঃস্বপ্নের সফর শেষ ইংল্যান্ডের
প্রথমে অ্যাশেজে ৫-০তে বিধ্বস্ত হওয়া। তারপর ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে হার। এবারের অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি সিরিজেও পর্যুদস্ত ইংল্যান্ড। রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিও সহজেই ৮৪ রানে জিতে নেয়া অস্ট্রেলীয়দের সিরিজ জয়ের ব্যবধান ৩-০।
অর্থাৎ ক্রিকেটের সবচেয়ে পুরনো দুই প্রতিদ্বন্দ্বীর এবারের লড়াইয়ের ফলাফল অস্ট্রেলিয়া ১২-ইংল্যান্ড ১।
সিডনিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে ১৯৫ রানের ভালো সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন ক্যামেরন হোয়াইট ও অ্যারন ফিঞ্চ।
৪০ বলে ৪৮ রানের উদ্বোধনী জুটি গড়ার পথে ৩৭ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪১ রান করেন আগের দুই ম্যাচে অর্ধ-শতক করা হোয়াইট। ২১ বলে ৩টি ছক্কা ও একটি চারে ফিঞ্চের অবদান ৩০ রান।
দলকে দু শ’র কাছাকাছি নিয়ে যেতে সবচেয়ে বড় অবদান অবশ্য জর্জ বেইলির। মাত্র ২০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থেকে যান অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক।
এছাড়া বেন কাটিং (১৬ বলে ২৯) ও ম্যাথিউ ওয়েডের (১০ বলে অপরাজিত ১৯) ব্যাট থেকেও দুটো মূল্যবান ইনিংস আসে।
৩০ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার অধিনায়ক স্টুয়ার্ট ব্রড।
এই সফরের শুরু থেকে ব্যাটসম্যানদের ব্যর্থতা সবচেয়ে বেশি ভুগিয়েছে ইংল্যান্ডকে। শেষ ম্যাচেও অতিথি দলের ব্যাটসম্যানরা জ্বলে উঠতে ব্যর্থ।
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিয়ে গর্বিত অস্ট্রেলিয়া দল।
১৭ ওভার ২ বলে ১১১ রানে অলআউট হয়ে যাওয়া ইংল্যান্ডের পক্ষে ওয়েন মর্গ্যান (৩৪) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেনি।
দুটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে অবদান রাখেন পেসার নাথান কোল্টার-নাইল এবং দুই স্পিনার গ্লেন ম্যাক্সওয়েল ও জেমস মিয়রহেড।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৯৫/৬ (হোয়াইট ৪১, ফিঞ্চ ৩০, ম্যাক্সওয়েল ১৪, কাটিং ২৯, বেইলি ৪৯*, হজ ৭, ক্রিস্টিয়ান ০, ওয়েড ১৯*; ব্রড ৩/৩০, রুট ১/১৩, জর্ডান ১/২৩, ব্রেসনান ১/৪২)
ইংল্যান্ড: ১৭.২ ওভারে ১১১ (রাইট ৮, হেলস ৬, স্টোকস ৫, রুট ১১, মর্গ্যান ৩৪, বাটলার ৮, বোপারা ৪, ব্রেসনান ১৪, জর্ডান ১০*, ব্রড ২, ডার্নবাখ ১; মিয়রহেড ২/১৩, কোল্টার-নাইল ২/২১, ম্যাক্সওয়েল ২/৩১, স্টার্ক ১/৮, ক্রিস্টিয়ান ১/১৪, কাটিং ১/১৮)
ম্যাচ সেরা: জর্জ বেইলি।
