২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল্ডিংয়ে উন্নতি চান সাকিব

মিরপুর 'শোচনীয়' হারের পর চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়াতে হলে ফিল্ডিংয়ে উন্নতি করাটা সবচেয়ে জরুরি বলে মনে করেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 03:22 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর আশা সাকিবের

আবার খাটো লেন্থে বাংলাদেশ ‘পর্যুদস্ত’

নিজেদেরই দুষলেন মুশফিক

আবার সেই 'শোচনীয়' হার

মঙ্গলবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। রোববার চট্টগ্রামে প্রথম দিনের অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব।

“সব জায়গাতেই উন্নতি করতে হবে। ফিল্ডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওদের যারা বড় রান পেয়েছে তাদের সবাই জীবন পেয়েছে। সুযোগগুলো হাতছাড়া না হলে ওদের এতো রান হতো না। পাঁচশ’ আর সাতশ’ রান এক রকম শোনায় না।”

অতিথিরা প্রথম ইনিংসে সাতশ’ রানের বিশাল সংগ্রহ দাঁড় করানোয় ম্যাচ বাঁচানো ভীষণ কঠিন হয়ে পড়েছিল বলে জানান সাকিব।

“ওরা সাতশ’ রান করার পর জানতাম দুই দিন ব্যাট করা ছাড়া এখন আর কোনো উপায় নাই। তখন এটা ছিল অনেক কঠিন। কিন্তু চারশ' হলে আমরা জানতাম, ভালো ব্যাটিং করলে ওরা আবার ব্যাটিংয়ে নামবে।”

সাকিব মনে করেন, টানা দেড়-দুই বছর ভালো ক্রিকেট খেলার পর একটি ম্যাচে বাজে খেলতেই পারে কোনো দল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে।ইনিংস ও ২৪৮ রানে হারের ধাক্কা দল কাটিয়ে উঠেছে জানিয়ে সাকিব বলেন, “এর আগেও কিন্তু এরকম পরিস্থিতি থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং তা দৃঢ়ভাবেই। সুতরাং এই অভিজ্ঞতা আমাদের আছে। আশা করি, সমস্যা হবে না। সবাই পরের ম্যাচের দিকে মনযোগ দিচ্ছে।”

প্রথম টেস্টে খাটো লেন্থের বল দিয়ে স্বাগতিক ব্যাটসম্যানদের ভুগিয়েছে শ্রীলঙ্কার পেসাররা। খাটো লেন্থের বলের জন্য প্রস্তুত না থাকায় প্রথম টেস্টে ব্যর্থ হলেও এবার তারা সম্পূর্ণ প্রস্তুত বলে জানান সাকিব।

মিরপুর টেস্টে অন্তত চারটি ক্যাচ ছেড়েছেন মুশফিকুর রহিম। সাকিবের দৃঢ় বিশ্বাস, খারাপ সময় পেছনে ফেলে অধিনায়ককে সেরা ছন্দেই দেখা যাবে।

“মুশফিক ভাই কিপিংয়ে উন্নতি করছে। উনি নিজেই বলেছেন, শেষ কবে এমন কিপিং করছেন তা উনার মনেই নেই। একটা বাজে দিন সবারই আসতে পারে। আশা করি এটা আর হবে না।”

চট্টগ্রামে নিজেদের সেরা ক্রিকেট খেললে যে কোনো ফলাফল সম্ভব বলে মনে করেন সাকিব। তিনি বলেন, “সিনিয়রদের দায়িত্ব একটু বেশি, তবে নতুনদের যে কোনো দায়িত্ব নেই, তা নয়। মাঠের এগারো জন আর বাইরে তিনজন এবং কোচিং স্টাফ সবারই দায়িত্ব আছে। একটা দল ভালো খেলার জন্যে বলবয় থেকে শুরু করে সমর্থক সবারই সহায়তা দরকার হয়।”