চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর আশা সাকিবের
মিরপুর টেস্টে বিধ্বস্ত বাংলাদেশ চট্টগ্রামে ঘুরে দাঁড়াবে বিশ্বাস অলরাউন্ডার সাকিব আল হাসানের।
সাকিব আল হাসান (ফাইল ছবি)। সাকিব আল হাসান (ফাইল ছবি)।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ২৪৮ রানে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। চট্টগ্রামে মঙ্গলবার থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
শনিবার এক অনুষ্ঠানে সাকিব বলেন, “সব দলেরই একটি বাজে সময় আসে। গত এক দেড় বছরে আমরা এমন খারাপ কোনো ম্যাচ খেলেনি। এটি ছিল বাজে একটি ম্যাচ, আমরা যত দ্রুত সম্ভব এটি ভুলে যেতে চাই।”
“আশা করি, আমরা দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াব। দলের সবাই কঠোর পরিশ্রম করছে। চট্টগ্রামে আমাদের ভালো স্মৃতি আছে, ভালো খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী,” যোগ করেন তিনি।
প্রথম টেস্টে ৩ উইকেট নেয়ার পাশাপাশি প্রথম ইনিংসে অর্ধশতক পেয়েছিলেন সাকিব। দ্বিতীয় টেস্টেও ব্যাট-বল হাতে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী বর্তমান সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে সাকিবকে দুই বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেন বাংলালিংকের প্রধান নির্বাহী সিইও জিয়াদ সাতারা।
এর প্রতিক্রিয়ায় সাকিব বলেন, “বাংলালিংকের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আশা করছি, যার যার ক্ষেত্রে অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।”
