শঙ্কা কাটার পর এবার পর্যাপ্ত টেস্ট চায় বিসিবি
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কা কাটার পর এখন টেস্ট ম্যাচ বাড়াতে উদ্যোগী বিসিবি।
শঙ্কা কাটায় ৩ মোড়লকে 'সমর্থন' দিয়েছে বিসিবি
আইসিসিতে সর্বেসর্বা হচ্ছে ভারত
টেস্ট শঙ্কায় নেই বাংলাদেশ
ভোট হয়নি, তবে ‘একমত’ সবাই
দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় অংশ নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।“আমাদের টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে কোনো শঙ্কা নেই। খসড়া প্রস্তাবে আমাদের স্বার্থ বিরোধী সব কিছুর বিরুদ্ধে নিজেদের তীব্র আপত্তির কথা আমরা জানিয়েছি।”নাজমুল হাসান জানান, এতো দিন ভবিষ্যত সফরসূচি পরিকল্পনা (এফটিপি) মানার কোনো বাধ্যবাধকতা ছিল না। কিন্তু এখন থেকে এটা মানতেই হবে। তাই বাংলাদেশের টেস্টের সংখ্যা আরো বাড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।“টেস্ট অভিষেকের ১৩ বছর কেটে গেলেও ভারত আমাদের ওদের দেশে সফরে যাওয়ার আমন্ত্রণ জানায়নি। ইংল্যান্ড গত ১০ বছরে মাত্র একবার বাংলাদেশে এসেছে। এই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। আমি সব বোর্ডের সঙ্গে কথা বলেছি, আমাদের ম্যাচ বাড়ানোর কথা বলেছি। আমি আশাবাদী, পরবর্তী সভায় আমরা কয়েকটি সিরিজের চুক্তি করতে পারবো।”আগামী ৮ ফেব্রুয়ারি আইসিসির সভায় খসড়া প্রস্তাব উত্থাপিত হবে বলে জানান নাজমুল হাসান।দুবাইয়ে মঙ্গলবার আইসিসির ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা সভায় এ নিয়ে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বাক-বিতণ্ডার পর তা ভোটে না উঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। আগামী মাসে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তৈরি করা এই খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে আইসিসির পুরো নিয়ন্ত্রণ নেয়ার জন্য ভারতীয় বোর্ড বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার খোলনলচে পাল্টে ফেলার প্রস্তাব আনার পর থেকেই এ নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে।খসড়া প্রস্তাবে সবচেয়ে বড় পরিবর্তন এই দুই স্তরের টেস্ট ফরম্যাট থেকে সরে আসা। এ ছাড়া প্রভাবশালী ওই তিন দেশের প্রায় সব সুপারিশের বিষয়ে সব দেশ একমত হয়েছে বলে আইসিসি দাবি করেছে। আর এর মাধ্যমে ভারতের নেতৃত্বে থাকা এই জোটই আইসিসিতে সর্বেসর্বা হতে যাচ্ছে।ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশের টেস্ট শঙ্কা কেটে যাওয়ার পর প্রভাবশালী তিন বোর্ডের সংশোধিত প্রস্তাবে 'সমর্থন' দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সংবাদ সম্মেলনে একটি জাতীয় দৈনিককে ইঙ্গিত করে নাজমুল হাসান বলেন, “বিসিবির ২০ জানুয়ারির সভার ব্যাপারে গণমাধ্যমের খবরে বলা হয়, আমরা নাকি প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে প্রস্তাবের পক্ষে ২০টি ও বিপক্ষে তিনটি ভোটের কথাও বলা হয়। কিন্তু এমন কোনো সিদ্ধান্ত আমরা নেইনি।”“আইসিসির বৈঠকে বলেছি, আমি কোনো দলে নেই। আমার দেশের ক্ষতি হবে এমন কোনো দলে আমি নেই। বলেছি তোমাদের সব কথার আগে আমার কথা শুনতে হবে। আমার দেশে খেলতে হবে।”বিশ্ব ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, প্রস্তাবে রাজি না হলে ভারত নাকি এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসবে না। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “এটা সত্যি নয়। ভারত বিপক্ষে থাকলে এশিয়া কাপ ও বিশ্বকাপ বাংলাদেশে হতো না।”
