টেস্ট দলে ফিরলেন ম্যাকলারেন ও পারনেল
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। অনেক দিন পর টেস্ট দলে ফিরেছেন অলরাউন্ডার রায়ান ম্যাকলারেন ও বাঁহাতি পেসার ওয়েইন পারনেল।
গত মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া জ্যাক ক্যালিস ও লেগস্পিনার ইমরান তাহিরের জায়গায় সুযোগ পেয়েছেন এই দুজন।তাহিরের বাদ পড়ার কারণ বাজে পারফরফরম্যান্স। ভারতের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ২৩.৪ ওভার বল করে ১১৬ রান্ দিয়ে মাত্র দুই উইকেট পান তিনি।
পারনেল তার তিনটি টেস্টের সর্বশেষটি খেলেছিলেন ২০১০ সালের ফেব্রুয়ারিতে, ভারত সফরে। ম্যাকলারেনের ক্যারিয়ারের একমাত্র টেস্টটি ছিল সে বছরের জানুয়ারিতে, ইংল্যান্ডের বিপক্ষে।
আগামী ১২ ফেব্রুয়ারি থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে প্রথম টেস্ট। ২০ ফেব্রুয়ারি থেকে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় এবং ১ মার্চ থেকে কেপটাউনে তৃতীয় ও শেষ টেস্ট।
টেস্ট সিরিজ শেষে ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টিও খেলবে দু দল। তবে কোনো ওয়ানডে খেলবে না।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ফাফ দু প্লেসি, ডিন এলগার, রোরি ক্লাইনভেল্ট, রায়ান ম্যাকলারেন, মর্নে মরকেল, ওয়েইন পারনেল, আলভিরো পিটারসেন, রবিন পিটারসন, ভার্নন ফিল্যান্ডার, ডেল স্টেইন ও থামি সোলেকিলি।
